ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার দিক দিয়ে বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে আছে বলে মনে করছেন প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেন, এছাড়া এক বছরেরও বেশি সময় পর খেলতে যাচ্ছি বলে টেস্ট ম্যাচটি কঠিন হবে।
সাবেক অধিনায়ক আকরাম মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের বলেন, "জিম্বাবুয়ে খুব ভালো প্রস্তুতি নিচ্ছে। দেশের মাটিতে অস্ট্রেলিয়া 'এ' ও দক্ষিণ আফ্রিকা 'এ' দলকে নিয়ে একটি টুর্নামেন্ট খেলেছে। অন্য দিকে মাঠ ও বৃষ্টির কারণে আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পারছি না।"
সফররত অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে দু'টি চারদিনের ম্যাচও খেলবে জিম্বাবুয়ে।
বাংলাদেশের জিম্বাবুয়ে পৌঁছানোর কথা ২৮ জুলাই। সফরে বাংলাদেশ একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। এই টেস্ট খেলার মধ্য দিয়ে জিম্বাবুয়ে স্বেচ্ছা নির্বাসন থেকে ছয় বছর পর টেস্ট অঙ্গনে ফিরে আসবে।
মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেনের অনুপস্থিতিতে বাংলাদেশের বোলিংয়ের ধার অনেকটা কমে গেছে বলে মনে করছেন প্রধান নির্বাচক। তবে যারা দলে আছেন তাদের নিয়ে আকরাম আশাবাদী।
তিনি বলেন, "চোটের কারণে আমাদের বোলিং শক্তি একটু দুর্বল হয়ে গেছে। তবে যারা আছেন তাদের ব্যাপারে আমরা আশাবাদী।"
তিনি বলেন, "দেশের মাটিতে খেলার সুবিধা পাবে জিম্বাবুয়ে। হারারের উইকেটে যথেষ্ট বাউন্স ও সুইং রয়েছে। এছাড়া আমরা ১৪ মাস পরে টেস্ট খেলতে যাচ্ছি। সব মিলে সিরিজ কঠিন হবে।"
জিম্বাবুয়ে সফরের জন্য দল নির্বাচন শেষ বলে তিনি জানান। বাকি আছে কেবল আনুষ্ঠানিকতা। তিনি বলেন, "বোর্ড চাইলে এখনই দল ঘোষণা করা সম্ভব। অনেক দিন পর টেস্ট খেলতে যাচ্ছি বলেই আমাদের বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বিশেষজ্ঞ বোলার খেলানো দরকার।"
জিম্বাবুয়ে সফরে ১৫ সদস্যের দল যাবে বলে আকরাম জানান। তিনি বলেন, টেস্ট ম্যাচটির পর একদিনের খেলার জন্য দুই-একজনকে ফিরিয়ে এনে নতুন খেলোয়াড় পাঠানো হতে পারে।
টেস্ট ও একদিনের ম্যাচ, দু'টোকেই সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আকরাম। তিনি বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে আমরা ভালো করছি। এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য দুই ধরনের ক্রিকেটেই আমাদের উন্নতি করতে হবে।"
১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন আকরাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭২২ ঘ.
bdnews24