ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাুবয়ে সফরের জন্য দল ঠিক করাই আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান।
জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে রোববার দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, "তিন চার দিন আগেই আমরা দল ঠিক করে রেখেছি। এক ম্যাচের উপর নির্ভর করে দলে কোনো পরিবর্তন আসছে না।" তবে কবে নাগাদ দল ঘোষণা হতে পারে সে ব্যাপারে কিছু বলেন নি তিনি।
তিনি বলেন, "আমরা শুধু একটু দেখে নিতে চাচ্ছি। খেলোয়াড়দের সমস্যা কোথায় সেগুলো দেখছি আমরা। কারো হয়তো পেস বলে একটু সমস্যা রয়েছে, সেটা এখনো আছে কী না তা দেখে নেয়া হচ্ছে।"
প্রস্তুতি ম্যাচ দেখে সন্তুষ্ট আকরাম। তিনি বলেন, "প্রস্তুতি ম্যাচে আমরা সন্তুষ্ট। যা চেয়েছিলাম তাই হয়েছে। ব্যাটসম্যানদের 'অ্যাপ্রোচ' ভালো ছিল।"
তিনি বলেন, "দুই মাস আগেও খেলোয়াড়রা অনেক ক্রিকেট খেলেছে। ভাবনা ছিল একদিনের মেজাজ থেকে টেস্টের মেজাজে ফিরতে কতটা সময় নেবে। প্রস্তুতি ম্যাচ দেখে ওই শঙ্কা কেটে গেছে, প্রথম দিন ব্যাটসম্যানরা ভালো করেছেন।"
প্রস্তুতি ম্যাচ না হওয়ার চেয়ে একাডেমি মাঠে খেলাকে গুরুত্বপূর্ণ মনে করছেন আকরাম। তিনি বলেন, "খেলা না হওয়ার চেয়ে এটা ভালো। এতে খেলোয়াড়রা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ম্যাচ খেলার অভ্যাস গড়ে উঠছে।"
প্রস্তুতি ম্যাচ ছাড়াও পেসারদের প্রসঙ্গেও কথা বলেছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, "আমাদের কয়েকজন ভালো মানের পেসার প্রয়োজন। বর্তমানে স্পিনারদের বেশি ব্যবহার করা হয়, তারা সাফল্যও পাচ্ছেন। পেসারদের আসার জন্য একটা কিছু করতে হবে। দেশের বাইরে তিনজন পেসার নিয়ে খেলতে হয়। দেশে দুজন পেসার নিয়ে খেলি। অনেক সময় নতুন বলেও স্পিনার চলে আসে।"
নতুন পেসারদের বের করে আনার জন্য একটি ক্যাম্প হতে পারে বলে তিনি মনে করছেন। তিনি বলেন, "পেসারদের জন্য একটা ক্যাম্প হতে পারে। এ ব্যাপারে বোর্ডকে আমরা চিঠি দিয়েছি। কোনো কিছু চূড়ান্ত হয়নি। আয়োজনের দায়িত্ব এখন বোর্ডের।"
তিনি বলেন, "মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলামরা এখন দেশের পেসারদের 'আইকন'। তাদের দেখে অনেকেই পেস বোলিংয়ে উৎসাহী হবে। তাদের বের করে আনতে আমরা একটা ক্যাম্পের কথা ভেবেছি।"
তবে সেই সঙ্গে পেসারদের উপযোগী পিচ বানানোর কথা বলেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯২৯ ঘ.
bdnews24