২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আত্মবিশ্বাস নিয়েই খেলছিলাম'

প্রস্তুতি ম্যাচে উইকেটে সেট হওয়ার পরই বিদায় নিলেও সব ঠিক আছে বলে মনে করছেন মোহাম্মদ আশরাফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তুতি ম্যাচে উইকেটে সেট হওয়ার পরই বিদায় নিলেও সব ঠিক আছে বলে মনে করছেন মোহাম্মদ আশরাফুল। ইলিয়াস সানির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরার পর আশরাফুল বলেন, "উইকেট ভালো। ব্যাটিং সহায়কই ছিল। আত্মবিশ্বাস নিয়েই খেলছিলাম। বলটা হঠাৎ করে লাফিয়ে উঠেছিল।" প্রস্তুতি ম্যাচে লাল দলের অধিনায়ক ছিলেন আশরাফুল। প্রস্তুতি ম্যাচ শেষে জানালেন নিজের মূল্যায়নের কথা। তিনি বলেন, "প্রথম দিন বোলিং আরো ভালো হতে পারতো। অনেক দিন পরে বলেই হয়তো বোলারদের ছন্দে ফিরতে একটু সময় লেগেছে।" এসময় সবুজ দলের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন তিনি। রানিং বিটুইন নিয়ে কাজ করতে হবে বলে মনে করছেন তিনি। বলেন, "প্রথম দিন বেশ কয়েকটি রান আউটের সুযোগ এসেছিল। এ ব্যাপারে আরো কাজ করার সুযোগ রয়েছে।" প্রস্তুতি ম্যাচে নিজেদের ব্যাটিং নিয়ে তিনি বলেন, "আমাদের লক্ষ্য ছিল যত বেশি সম্ভব ব্যাটিং করা। রান করা মূল ব্যাপার নয়, উইকেটে থাকা এবং ব্যাট করাই মূল লক্ষ্য।" দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে ৫৯ ওভারেই গুটিয়ে যায় আশরাফুলের দল। জিম্বাবুয়েতে দল ভালো করবে বলে তার বিশ্বাস। তিনি বলেন, "হারারের উইকেট স্পোর্টিং। উইকেটে ঘাস থাকলেও দেখেশুনে খেললে ব্যাটসম্যানরাও ভালো করবেন। ব্যাটসম্যান ও বোলার দুজনের জন্য সমান সুযোগ থাকে।" প্রথম প্রস্তুতি ম্যাচে সন্তুষ্ট হলেও আরো ম্যাচ চান তিনি। বলেন, "আমাদের আরো খেলতে হবে। আরো একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। জিম্বাবুয়ে সফরে প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা বেশ কাজে লাগবে।" যে মাঠেই খেলা হোক ম্যাচ অনুশীলনই গুরুত্বপূর্ণ আশরাফুলের কাছে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হোক আর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠেই হোক খেলোয়াড়রা সমান মনযোগী বলে দাবি তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫০ ঘ.