ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের ক্রিকেটারদের খেলতে না দেয়ার ভারতের সিদ্ধান্তের কারনেই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজন পিছিয়ে দিতে হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১৯ জুলাই প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা ছিলো। পরে তা ২০১২ সালের অগাস্ট পর্যন্ত পিছিয়ে দেয়া হয়।
এসএলসির মুখপাত্র ব্রিয়েন থমাস বলেন, "সত্যি বলতে কি ভারতের সমর্থন ছাড়া আমাদের জন্য প্রিমিয়ার লিগ আয়োজন খুব কঠিন। আমরা আর কোনো বিতর্কে যেতে চাই না।"
এসএলপিএল আয়োজন এক বছর পিছিয়ে দেয়ার বিষয়টি ইএসপিএনক্রিকোইনফোকে আগেই জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই খেলোয়াড় হার্শেল গিবস ও ডেভি জ্যাকবস। দুজনই এসএলপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হন। পরে এসএলসিও বিষয়টি নিশ্চিত করে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচিতে ২০১২ সালের অগাস্টে একটি ফাঁক আছে। অন্য কথায়, তখন কোনো আন্তর্জাতিক খেলা নেই। সেই কারণে প্রতিযোগিতাটি আয়োজনের জন্য ওই সময়টাকেই বেছে নিয়েছে এসএলসি। এই সময়ের মধ্যে বিসিসিআইকেও তাদের খেলোয়াড়দের খেলতে দেয়ার জন্য রাজি করানোর চেষ্টা করবে তারা।
থমাস জানান, শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষরা আশা করছেন এই সময়ের মধ্যে তারা বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন।
এসএলপিএলের বদলে পাঁচটি প্রাদেশিক দলকে নিয়ে অন্য একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। তবে এতে কোনো বিদেশি খেলোয়াড় খেলবেন না।
ওই প্রতিযোগিতার শিরোপা জয়ী দল সেপ্টেম্বরের চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে অংশ গ্রহণের সুযোগ পাবে।
ভারতের ক্রিকেটাররা না খেলায় এসএলসি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অনেকে ধারণা করছেন। একথা শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দনন্দ আথুগামাগেও কিছুদিন আগে স্বীকার করেন।
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রথমে জানিয়েছিল, ক্রিকেটারদের খেলতে দিতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু পরে তারা সেই অবস্থান থেকে সরে আসে।
প্রতিযোগিতাটি দেখভালের দায়িত্ব পায় সিঙ্গাপুরের একটি বেসরকারী প্রতিষ্ঠান সামারসেট ভেঞ্চার্স। ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করছে, বিতর্কিত কোনো পরিস্থিতির সৃষ্টি হলে খেলোয়াড়রা তাদের পাওনা অর্থ নাও পেতে পারেন। এসএলসি অবশ্য এ ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল। তারপরও মন গলেনি বিসিসিআইয়ের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিএ/১৬১৫ ঘ.
bdnews24