২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডমিনিকায় প্রথম দিন খেললো বৃষ্টি

ভারতের বিপক্ষে বুধবার তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে প্রথম পালায় ৩ উইকেটে ৭৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৩১ ওভার ১ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে বুধবার তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে প্রথম পালায় ৩ উইকেটে ৭৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৩১ ওভার ১ বল। ডমিনিকায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দিনের বেশির ভাগ সময় বৃষ্টিই খেলে। খেলা হয় মাত্র সাড়ে তিন ঘন্টা। দেখেশুনেই খেলতে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আদ্রিয়ান বারাথ ও কিয়েরন পাওয়েল। তবে অভিষেকটা ভালো হয়নি পাওয়েলের। মাত্র ৩ রান করে প্রবিন কুমারের বলে ভিভিএস লক্ষ্মণের হাতে ধরা পড়েন তিনি। দলের রান তখন ১৭। বারাথ (১২) ও কার্ক এডোয়ার্ডসের (৬) উইকেটও দ্রুত হারায় ওয়েস্ট ইন্ডিজ। উইকেট দু'টি নেন দ্বিতীয় টেস্টে ভারতের সবচেয়ে সফল বোলার ইশান্ত শর্মা। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে তখন বলতে গেলে খাদে পড়ে গেছে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে ইশান্ত ১০ উইকেট নেন ১০৮ রানে। এ অবস্থায় হাল ধরেন ড্যারেন ব্রাভো ও শিবনারায়ন চন্দরপল। খেলতে থাকেন সাবধানে। ২৮ ওভারে ৩ উইকেটে ৬৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতি শেষে মাত্র ৩ ওভার ১ বল খেলার পরই বৃষ্টি নামে। সময়ের এই ক্ষতি পুষিয়ে নিতে বাকি চারদিন নির্ধারিত সময়ের আগে খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। প্রথম টেস্ট জিতেছে ভারত। দ্বিতীয়টি অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১১৪৮ ঘ.