২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলো ছড়ালেন সাকিব, তামিম দু'জনই

ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মঙ্গলবার সাকিবের দল উস্টারশায়ারের বিপক্ষে ১০ রানে জিতেছে তামিমের দল নটিংহ্যামশায়ার। তবে ব্যক্তিগত লড়াইয়ে সমান আলো ছড়িয়েছেন দু'জনেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মঙ্গলবার সাকিবের দল উস্টারশায়ারের বিপক্ষে ১০ রানে জিতেছে তামিমের দল নটিংহ্যামশায়ার। তবে ব্যক্তিগত লড়াইয়ে সমান আলো ছড়িয়েছেন দু'জনেই। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল ব্যাট হাতে খেলেন ৩৫ রানের এক ঝড়ো ইনিংস। আর অধিনায়ক সাকিব-আল-হাসান ব্যাট হাতে ২০ রানের পাশাপাশি বল হাতে নেন একটি উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের শেষ বলে সব উইকেট হারানোর আগে নটিংহ্যাম তোলে ১৫২ রান। তামিমের ২৫ বলের ইনিংসে রয়েছে ৩টি চার ও ১টি ছক্কা। তিনটি চারের একটি মারেন সাকিবের বলে। আর সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে নটিংহ্যাম অধিনায়ক অ্যাডাম ভোগসের উইকেট নেন। জয়ের লক্ষ্য ১৫৩ রান তাড়া করতে নেমে উস্টারশায়ার থেমে যায় ৫ উইকেটে ১৪২ রানে। আগের ম্যাচগুলোতে ব্যাট হাতে চরম ব্যর্থ সাকিব একটি চারের সাহায্যে ২২ বলে করেন ২০ রান। মজার ব্যাপার হচ্ছে, সাকিবের ক্যাচ লুফে নেন তামিম। স্টিভেন মুলানির ফুলটসে সপাটে ব্যাট চালান সাকিব। কিন্তু বল উঠে গিয়ে জমা পড়ে তামিমের হাতে। সে সময় জয়ের জন্য উস্টারের দরকার ছিল ২৭ বলে ৩৭ রান, হাতে ছিল ৮ উইকেট। ভুল শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন সাকিব। আর সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন তামিম। একই মাঠে দুই বাংলাদেশির হাসি-কান্না মিলে গেলেও গ্যালারিতে উপস্থিত বাংলাদেশিদের জন্য দিনটি শুধু আনন্দই বয়ে এনেছে। এমনিতে কাউন্টি ক্রিকেটে প্রচুর দর্শক হলেও টি-টোয়েন্টি ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি একটু কম। তাই সাকিব-তামিমের লড়াই দেখতে মাঠে উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিকে চোখে পড়েছে আলাদা করে। বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপিয়ে এবং জাতীয় পতাকা মেলে ধরে একবার সাকিব ও আরেকবার তামিমকে উৎসাহ দিয়ে গেছেন তারা পুরো খেলায়। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষ দল তামিমের নটিংহ্যাম পৌঁছে গেছে শেষ আটে। সাকিবের দল ওরচেস্টারের ভাগ্য এখনো পেন্ডুলামের মতো দুলছে। তালিকার চতুর্থ স্থানে থাকলেও বাকি দলগুলোর চেয়ে দুটো ম্যাচ বেশি খেলেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৪১ ঘ.