ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বোর্ডে সরকারী হস্তক্ষেপেরও সমালোচনা করেন তিনি।
লডর্সে 'এমসিসি স্পিরিট অব ক্রিকেট লেকচারে' সাঙ্গাকারা ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ের উপর ভীষণ গুরুত্ব দেন। তার মতে, শ্রীলঙ্কা ক্রিকেটে আমূল পরিবর্তন আনে ওই বিশ্বকাপ।
তবে শ্রীলঙ্কা ক্রিকেটে এখনকার সমস্যার মূলে অর্থকেই বড় করে দেখছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। কিছু ভালো মানুষ দ্বারা পরিচালিত সংস্থাটি কিছুদিনের মধ্যেই লাখ লাখ ডলারের সংস্থায় পরিণত হওয়ায় এখন দেশটির ক্রিকেট এতটা দুর্নীতিগ্রস্থ হয়ে পড়ে বলে মনে করেন সাঙ্গাকারা।
শ্রীলঙ্কার ইল্যান্ড সফরকেও প্রশ্নবিদ্ধ করেছেন সাঙ্গাকারা। দু'বছরেরও বেশি সময় জাতীয় দলে জায়গা পাননি ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ের নায়কদের একজন সনাৎ জয়াসুরিয়া। এই সময়ের মধ্যে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল ইউএফপি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। হঠাৎ তার বিদায়কে মহিমান্বিত করার জন্য ইংল্যান্ড সফরে জয়াসুরিয়াকে দলে ডাকে বোর্ড। একটি টি-টোয়েন্টি ও একদিনের সিরিজের প্রথম খেলায় মাঠেও নামেন তিনি। এইখানেই খটকা লেগেছে সাঙ্গাকারার। সরাসরি না বলে তিনি বুঝিয়ে দিয়েছেন, জয়াসুরিয়া হয়তো তার ক্ষমতাবলেই এমন বিদায় হাসিল করে নিয়েছেন।
অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) অন্তবর্তীকালীন কমিটি ভেঙ্গে দেয় সে দেশের ক্রীড়া মন্ত্রনালয়। সদ্য সমাপ্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভায় সব দেশের ক্রিকেট বোর্ড থেকে দুই বছরের মধ্যে রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর ঠিক পরেই শ্রীলঙ্কার ক্রিকেটে এমন ঘটনা ঘটায় সমালোচনার ঝড়ও বয়ে যায়। সাঙ্গাকারা তার বক্তব্য এ বিষয়টিরও নিন্দা করেন।
তিনি বলেন, "প্রশাসনিক ব্যবস্থা আরো শক্তিশালী করতে হবে। সততা, শৃঙ্খলা ও স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে হবে। যদি তা না হয়, আমরা আরও বিচ্ছিন্ন হয়ে পড়ব।"
"ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার জন্য আইসিসি যে ব্যবস্থা নিয়েছে, তা খুবই ভালো পদক্ষেপ," বলেন সাঙ্কাকারা।
এক ঘন্টার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে সাঙ্গাকারাকে অভিবাদন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২২৬ ঘ.
bdnews24