ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও ১৪ মাস পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
জিম্বাবুয়ে যাওয়ার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
মাহমুদুল্লাহ বলেন, "অনেক দিন ধরে আমরা টেস্ট খেলি না। তবে ঘরোয়া ক্রিকেটে লাল বলে খেলেছি আমরা। আসা করছি, কোনো সমস্যা হবে না। এছাড়া জিম্বাবুয়ে প্রায় ছয় বছর ধরে টেস্ট খেলে না, তাই আমারাই এগিয়ে থাকবো।"
ছয় বছর আগে টেস্ট থেকে স্বেচ্ছা নির্বসনে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের সঙ্গে খেলার মধ্য দিয়ে টেস্ট অঙ্গনে ফিরবে দেশটি।
জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে রিয়াদ সাংবাদিকদের বলেন, "একদিনের ক্রিকেটে মানিয়ে নিতে আমাদের বেশি সময় লাগবে না। কিন্তু টেস্টে মানিয়ে নিতে একটু সময় লাগবে। টেস্ট খেলতে অনেক ধৈর্য্য লাগে।"
প্রথম দিন যোগ না দিলেও দ্বিতীয় দিন ক্যাম্পে যোগ দেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, শুভগত হোম চৌধুরী ও ইলিয়াস সানি। অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন।
তিনি বলেন, "টেস্ট বলেই রক্ষণাত্মক খেলতে হবে এমন কোন কথা নেই। আমাদের স্বাভাবিক খেলাই খেলতে হবে। বাজে বল মারতে হবে। আমরা আমাদের সীমাবদ্ধতা জানি, তাই বলে মারার বল মারতে পারবো না, তাতো হয় না।"
"জিম্বাবুয়ের সঙ্গে মাঠে নামার আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবো। একটি দেশে আর অন্যটি দক্ষিণ আফ্রিকায়। তাই মনে হয় না, মানিয়ে নিতে আমাদের কোনো সমস্যা হবে। আর জিম্বাবুয়ে নয়, আমরা আমাদের নিয়েই ভাবছি," বলেন তিনি
ঘরোয়া ক্রিকেটে পাঁচ নম্বরে ব্যাট করেন রিয়াদ। নিজের প্রিয় জায়গাও তাই। টেস্টে আট নম্বরে ব্যাট করেছেন। এবার উপরে খেলার কোনো সম্ভাবনা আছে কি না? জানতে চাইলে রিয়াদ বলেন, "দলের প্রয়োজনে যে কোন জাগায় ব্যাট করতে আপাত্তি নেই।"
টেস্টের তুলনায় একদিনের ম্যাচ বেশি খেলছে বাংলাদেশ। তবে এর পেছনে গত বিশ্বকাপকে প্রধান কারণ হিসেবে দেখছেন রিয়াদ। তিনি বলেন, "বিশ্বকাপের জন্য গত বছর আমাদের একদিনের ম্যাচ বেশি খেলতে হয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট খেলার কথা ছিল। কিন্তু তারা রাজি না হওয়ায় খেলা হয়নি।"
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী, ১৬ থেকে ৪১ ওভারের মধ্যে ব্যাটিং ও বোলিং 'পাওয়ার প্লে' নিতে হবে। সাধারণ অবস্থায় বাংলাদেশ ৪৪/৪৫ ওভারের পর ব্যাটিং পাওয়ার প্লে নেয়। এতে কোনো সমস্যা হবে কি না? এই প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, "আপাতত আমরা টেস্ট নিয়েই বেশি ভাবছি। পরে একদিনের সিরিজ নিয়ে ভাবা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৫৪ ঘ.
bdnews24