ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বছরের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকায় নেই জেমস ফ্রাঙ্কলিন।
গত বছরও নিউজিল্যান্ড ক্রিকেটের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় তিনি ছিলেন না। তবে ডিসেম্বরে ভারতের বিপক্ষে একদিনের সিরিজে খেলেন তিনি।
পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয়টিতে ফ্রাঙ্কলিন করেন অপরাজিত ৭১ রান। এরপর চতুর্থ ম্যাচে ৬৯ বলে অপরাজিত ৯৮ ও পঞ্চম ম্যাচে ১৭ রান করেন। এর পুরস্কারও পান তিনি হাতে-নাতে। জায়গা পান নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে। তবে বিশ্বকাপে উল্লেখ করার মত কিছু করতে পারেননি।
ফ্রাঙ্কলিনের বাদ পড়া সম্পর্কে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত জাতীয় নির্বাচক মার্ক গ্রেটব্যাচ বলেন, "তার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেয়া সত্যিই কঠিন। কিন্তু প্রয়োজন ছিল।"
চুক্তিবদ্ধ খেলোয়াড়রা হলেন হ্যামিশ বেনেট, ট্রেন্ট বোল্ট, নিল ব্র"ম, ড্যানিয়েল ফ্লিন, মার্টিন গুপটিল, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, অ্যান্ডি ম্যাকাই, কাইল মিলস, রব নিকল, জ্যাকব ওরাম, জেসি রাইডার, টিম সুথি, রস টেলর, ড্যানিয়েল ভেট্টোরি, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন, লুক উডকক ও রেসি ইয়াং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১৫ ঘ.
bdnews24