ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটকে রাজনৈতিক প্রভাব-মুক্ত করার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশকে 'ভালো সিদ্ধান্ত' বলে অভিহিত করেছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক শফিকুল হক হীরা ও ফারুক আহমেদ।
তারা বলেন, এতে জবাবদিহিতা বাড়বে। আর ফারুক এ বছরের মধ্যে নির্বাচিত সভাপতির হাতে দায়িত্ব দেয়ার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার হীরা বলেন, "নির্বাচিত কেনো ব্যক্তিকে বোর্ডের সভাপতি করা অবশ্যই ভালো সিদ্ধান্ত। শুধু ক্লাব থেকেই নয়, যে কেউই এখন সভাপতি হতে পারেন। এতে ক্রিকেট এগিয়ে যাবে।"
তিনি বলেন, "এমন ব্যক্তির বোর্ডের সভাপতি হওয়া উচিত, যার হাতে অনেক সময় আছে। এতে তিনি পুরো সময় ক্রিকেটকে দিতে পারবেন।" তিনি চান, সাবেক ক্রিকেটাররা আরো বেশি করে বোর্ডের কাজে সম্পৃক্ত হন।
হীরা ক্রিকেট কমিটিতে সাবেক ক্রিকেটারদের দেখতে চান। তিনি বলেন, ক্রিকেট কমিটিতে একজন ম্যানেজার থাকতে পারেন, যিনি পুরো বিষয় দেখভাল করবেন। এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে অন্য দেশের ক্রিকেট বোর্ড ও সিসিডিএমের সঙ্গে যোগাযোগ রাখা এবং সর্বোপরি ক্রিকেটকে এগিয়ে নেয়া সংক্রান্ত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন তিনি।
দুই প্রান্ত থেকে নতুন দুই বলের ব্যবহারে বাংলাদেশ লাভবান হবে না বলে তিনি মনে করেন। তিনি বলেন, "আমাদের মূল শক্তি স্পিন। তাই এটি আমাদের জন্য ভালো হবে না।"
একই মত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুকেরও। তিনি বলেন, "দুই প্রান্তে নতুন দুই বলের ব্যবহার আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না।"
"বল খেলার অনুপযোগী হয়ে পড়ে বলে দুই বলে খেলা হবে, এটা কোনো কথা হতে পারে না। সেক্ষেত্রে ৩৪ ওভার নয়, ২৮ ওভার পরই বল বদলানো যেতো। স্পিনাররা সুবিধাই পায় ২০/২৫ ওভারের পর থেকে। অথচ একটা বল সর্বোচ্চ ২৫ ওভার ব্যবহৃত হবে, তাহলে স্পিনাররা সুবিধা পবে কিভাবে?" প্রশ্ন রাখেন ফারুক।
তিনি বলেন, "আমরা তো নতুন বল স্পিনারদের হাতেও তুলে দেই। তবে কথা সেটা নয়, আমাদের মূল শক্তি স্পিন, সুতরাং তাদের পক্ষে যায়, এমন কিছু করা দরকার ছিল। এই সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর সুবিধা হবে।"
চার বছর আইসিসির ক্রিকেট কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ফারুক। তিনি বলেন, "সম্ভবত এবার কোনো 'হোম-ওয়ার্ক' করা হয়নি। আইসিসি আলোচনায় আসতে পারে, এমন বিষয়গুলো আগেই জানিয়ে দেয়। আগে সেসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা বললে এমন সিদ্ধান্ত নেয়া সম্ভব হতো না। সিদ্ধান্ত পক্ষে যাবে, না বিপক্ষে যাবে সেসব বিবেচনা করে জোটবদ্ধ হতে হয়।"
তিনি বলেন, "বোর্ডগুলোকে রজনৈতিক প্রভাব-মুক্ত করার সিদ্ধান্ত নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এতে জবাবদিহিতা বাড়বে।"
আইসিসি দু'বছরের মধ্যে বোর্ডগুলোকে রাজনৈতিক প্রভাব-মুক্ত করার জন্য সময় বেঁধে দিলেও ফারুক বলেন, "বিসিবির দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিত। দু'বছর নয়, এ বছরের মধ্যে নির্বাচিত কাউকে সভাপতি হিসেবে দেখতে চাই।"
আইসিসি বৃহস্পতিবার সদস্য দেশের ক্রিকেট বোর্ড থেকে দু'বছরের মধ্যে রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম
bdnews24