২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নটিংহ্যামশায়ারেও উদ্বোধনী ব্যাটসম্যান তামিম

তামিম ইকবাল নটিংহ্যামশায়ারের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলবেন বলে জানিয়েছেন ক্লাবটির ক্রিকেট পরিচালক মিক নিওয়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তামিম ইকবাল নটিংহ্যামশায়ারের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলবেন বলে জানিয়েছেন ক্লাবটির ক্রিকেট পরিচালক মিক নিওয়েল। তিনি বলেন, "আমরা 'ব্যাটিং অর্ডারে' কিছুটা পরিবর্তন এনেছি। সে অনুযায়ী, অ্যালেক্স হ্যালেসের সঙ্গে ইনিংসের উদ্বোধন করবেন তামিম।" বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেট খেলতে গেছেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড হাসির জায়গায় ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলবেন তিনি। এ জন্য তার সঙ্গে নটিংহ্যামশায়ারের চুক্তি হয়েছে অল্প কিছুদিনের জন্য। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগকে স্বপ্নের বাস্তবায়ন হিসেবে উল্লেখ করে তামিম বলেন, "কাউন্টিতে খেলতে পারা স্বপ্নের মতো। এটা সত্যি দারুণ একটা ব্যাপার।" তিনি বলেন, "বাংলাদেশিদের জন্যও এটা একটা বড় বিষয়। কারণ আমি শুনেছি এখানে শচীন টেন্ডুলকারও খেলেছেন।" একে একটা বড় সুযোগ হিসেবে অভিহিত করেন তিনি। এর আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান কাউন্টি খেলতে যান। তিনি খেলছেন ওরচেস্টারশায়ারের হয়ে। তামিম আশা করছেন, তিনি ভালো করলে বাংলাদেশের আরো ক্রিকেটার ইংল্যান্ডে খেলার সুযোগ পাবেন। তামিম বলেন, "সাকিব এখানে এসে ভালো করায় আমি সুযোগ পেয়েছি। এখন আমার পালা। আমি ভালো করতে পারলে অন্যদের জন্য দরজা খুলে যাবে।" কাউন্টি দলের সতীর্থদের সম্পর্কে তিনি বলেন, "আজ (শুক্রবার) সকালেই তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। বিশেষ করে, দলের উদ্বোধনী জুটি ভালো করছে। আমি স্কোর কার্ড দেখেছি। আমিও দলের জন্য এমন কিছুই করতে চাই। চেষ্টা করবো দলকে ভালো শুরু উপহার দেয়ার পাশাপাশি জয় এনে দেয়ার জন্য। আপাতত ছয়টি খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমি আমার স্বাভাবিক খেলা খেলতে চাই। চেষ্টা করবো ধারাবাহিকভাবে ভালো খেলতে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৭০৪ ঘ.