ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই ২৩ ক্রিকেটারকে রোববার সকাল ৮ টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচ সারওয়ার ইমরানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
অগাস্টে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। সফর-সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। এই খেলার মধ্য দিয়ে ছয় বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে টেস্ট অঙ্গনে ফিরবে জিম্বাবুয়ে।
জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন।
বাংলাদেশের নতুন কোচ স্টুয়ার্ট ল এখনো শ্রীলঙ্কা দলের সঙ্গে ইংল্যান্ডে আছেন। দক্ষিণ আফ্রিকা কিংবা জিম্বাবুয়েতে তার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা।
দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, সোহরাওয়ার্দী শুভ, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, অলক কাপালী, সৈয়দ রাসেল, জহুরুল ইসলাম, রবিউল ইসলাম, শুভগত হোম চৌধুরী, সগির হোসেন (উইকেটরক্ষক), নাসির হোসেন ও মোহাম্মদ ইলিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮১১ ঘ.
bdnews24