ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার জন্য ভারতীয় ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়ার ব্যাপারে সে দেশের ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মহেন্দ্রনন্দন্দা আলোথগামাগে।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ভারপ্রাপ্ত প্রধান সোমাচন্দ্র ডি সিলভা এসএলপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি দিয়ে তা প্রত্যাহার করে নেয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, "ক্রিকেটারদের খেলার ছাড়পত্র দিতে ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) রাজি করানোর জন্য আমাদের ক্রীড়ামন্ত্রী সে দেশের ক্রীড়ামন্ত্রীকে একটি চিঠিতে অনুরোধ করেছেন।"
সামারসেট এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স নামের সিঙ্গাপুরের একটি বেসরকারী প্রতিষ্ঠান এসএলপিএলের আর্থিক দিক দেখভাল করছে বলে বিসিসিআই ধারণা করছে, কোনো ঝামেলা দেখা দিলে খেলোয়াড়রা তাদের পাওনা অর্থ নাও পেতে পারেন।
বিসিসিআইয়ের এই যুক্তি পরস্পর বিরোধী বলে মনে করেন ডি সিলভা। কারণ বেসরকারী প্রতিষ্ঠান আইএমজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আর্থিক দিক দেখাশোনা করে। তিনি বলেন, "এটা কোনো যুক্তির কথা নয়। আইপিএলের সঙ্গে আইএমজি সংশ্লিষ্ট ছিল। প্রশ্ন হচ্ছে, আইপিএলে আইএমজি কি করেছিল?"
ডি সিলভা বলেন, "আমরা ভারতের জাতীয় দলের খেলোয়াড়দের চাইছি না। অথচ আইপিএলে খেলার জন্য গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই আমাদের জাতীয় দলের ইংল্যান্ড সফর শুরু হয়। এমন কি, আমাদের অধিনায়ক পর্যন্ত দলের সঙ্গে ছিলেন না। আর এটা আইপিএলের মতো লম্বা প্রতিযোগিতাও নয়।"
ডি সিলভা আশা করছেন বিসিসিআই বিষয়টি আবারো ভেবে দেখবে এবং ১২ ক্রিকেটারকে খেলার জন্য অনাপত্তিপত্র দেবে।
এসএলপিএলে ৭টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতা শুরু হবে ১৯ জুলাই। শেষ হবে ৪ অগাস্ট।
এর আগে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, "এসএলপিএলের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক চেয়ারম্যান লোলিত মোদি যুক্ত থাকায় ভারতীয় ক্রিকেটারদের প্রত্যাহার করে নিয়েছে বিসিসিআই।"
বিসিসিআই অবশ্য বলেছে, মোদি পর্দার আড়ালে থেকে এসএলপিএলে কাজ কারছেন। যদিও মোদি তার যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/২১১০ ঘ.
bdnews24