ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিপি-বিসিবি একাডেমির বোলারদের নিয়ে কাজ করার জন্য আসছেন জিওফ লওসন।
ক্রিকেটারদের নিয়ে তিন সপ্তাহ কাজ করবেন তিনি। একাডেমি দলের প্রধান কোচ রস টার্নার বুধবার এক সংবাদ সম্মেলন বলেন, "লওসনের আসা এখন নিশ্চিত। তিনি একাডেমির বোলারদের নিয়ে তিন সপ্তাহ কাজ করবেন।"
অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার লওসন এর আগে পাকিস্তান দলের কোচ ছিলেন।
একাডেমি দলে বিশেষজ্ঞ কোচ হিসেবে বুধবার থেকে কাজ শুরু করেছেন অ্যালান ক্যাম্পবেল। একাডেমি ও বাংলাদেশ 'এ' দলের ব্যাটসম্যান ও উইকেটরক্ষকদের নিয়ে একমাস কাজ করবেন তিনি।
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও লওসনের আসার কথা নিশ্চিত করেন।
অগাস্টে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে একাডেমি দল। ওই সফরের প্রস্তুতিতে ক্যাম্পবেল ও লওসনের এই সহায়তা কাজে লাগবে বলে মনে করেন টার্নার। লওসনের বাংলাদেশে আসার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৫৮ ঘ.
bdnews24