২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টুয়ার্ট ল,অষ্টম বিদেশি কোচ

দেড় যুগ আগে মহিন্দর অমরনাথকে দিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে বিদেশি কোচের যে যাত্রা শুরু হয়েছে, তার অষ্টম যাত্রী অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় যুগ আগে মহিন্দর অমরনাথকে দিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে বিদেশি কোচের যে যাত্রা শুরু হয়েছে, তার অষ্টম যাত্রী অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল। দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিচ্ছেন বিসিবির চোখে 'হাইপ্রোফাইল' এই কোচ। তার সঙ্গে চুক্তির কথা সোমবার জানানো হলো। ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন ল। ল বাংলাদেশে আরেক অস্ট্রেলীয় কোচ জেমি সিডন্সের স্থলাভিষিক্ত হলেন। বাংলাদেশের আগে তিনি শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৯ সালে শ্রীলঙ্কার প্রধান কোচ ট্রেভর বেলিসের সহকারী হিসেব তিনি কাজ শুরু করেন। বিশ্বকাপের পর বেলিস দায়িত্ব ছেড়ে দিলে অন্তবর্তীকালীন কোচ হন ল। ১৯৯৮ সালে 'উইজডেন' বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন ল। অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট ও ৫৪টি (১টি শতক) একদিনের ম্যাচ খেলেছেন ল। এছাড়া ৩৬৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। ওখানে শতক হাঁকিয়েছেন ৭৯টি। ১৯৯৫ সালের ডিসেম্বরে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেন ল। আর একদিনের ক্রিকেটে তার অভিষেক হয় ১৯৯৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। খেলাটি পার্থে হয়েছিলো। ১৯৯৬ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সদস্য ল ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ডের অধিনায়ক ছিলেন, কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন দীর্ঘদিন। ল্যাঙ্কাশায়ারের অধিনায়কও ছিলেন তিনি। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচ: মহিন্দর অমরনাথ (১৯৯৪) : ১৯৯০ এর দশকে প্রথম বিদেশি কোচ হিসেবে বাংলাদেশে আসেন ভারতের সাবেক ক্রিকেটার মহিন্দর অমরনাথ। তবে ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে ব্যর্থতার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গর্ডন গ্রিনিজ (১৯৯৭-১৯৯৯) : ১৯৯৭ সালে কোচের দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ। তার অধীনেই আইসিসি চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মত বিশ্বকাপ খেলার যোগ্যতাও অর্জন করে। তবে ১৯৯৯ বিশ্বকাপ চলাকালে দেশে ফিরে যান গ্রিনিজ। এডি বারলো (১৯৯৯-২০০০) : ১৯৯৯ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের কোচ হন দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট ক্রিকেটার এডি বারলো। তবে ২০০০ সালের এপ্রিলে শারীরিক অসুস্থতার জন্য তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ট্রেভর চ্যাপেল (২০০১-২০০২) : ২০০১ সালের মার্চে বাংলাদেশের কোচ হন ট্রেভর চ্যাপেল। তার অধীনেই বাংলাদেশ (জিম্বাবুয়ের বিপক্ষে) প্রথম কোনো টেস্ট ম্যাচে ড্র করে। ২০০২ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচের সবকয়টিতে হারে বাংলাদেশ। এজন্য দলের ব্যাটম্যানদের দায়ী করেন কোচ চ্যাপেল। ওই ঘটনার পর তাকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মহসিন খান (২০০২-২০০৩): পাকিস্তানের সাবেক ক্রিকেটার মহসিন খানের অধীনে বাংলাদেশের ক্রিকেটে তেমন কোনো অগ্রগতি হয়নি। ২০০৩ বিশ্বকাপে নিজের ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হারে বাংলাদেশ। ডেভ হোয়াটমোর (২০০৩-২০০৭): ২০০৩ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচ হিসেবে অস্ট্রেলিয়ার ডেভ হোয়াটমোরের নাম ঘোষণা করা হয়। কিন্তু ওই সময়ে তাকে পাওয়া না যাওয়ায় অন্তবর্তীকালীন কোচ ছিলেন সারোয়ার ইমরান (এপ্রিল-মে)। হোয়াটমোরের অধীনেই ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জেতে বাংলাদেশ। দ্বিতীয়টি ড্র হওয়ায় টেস্ট সিরিজও জিতে নেয় তারা। একই সঙ্গে একদিনের সিরিজও ৩-২ এ জেতে বাংলাদেশ। জেমি সিডন্স (২০০৭-২০১১) : ২০০৭ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের দায়িত্ব নেন অস্ট্রেলিয়ার জেমি সিডন্স। এর পর ১৩ এপ্রিল পর্যন্ত ৮৪ ম্যাচে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে ছিলেন তিনি। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৩১ ম্যাচে। হেরেছে ৫২টিতে। এখানে পরিত্যক্ত ম্যাগুলোকে হিসেবে ধরা হয়নি। ধরা হয়নি অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যকার তৃতীয় ম্যাচটিকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১৭৩২ ঘ.