২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয়

সনাৎ জয়াসুরিয়ার শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তখনো হাতে ছিল ১৬ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সনাৎ জয়াসুরিয়ার শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তখনো হাতে ছিল ১৬ বল। ব্রিস্টলে শনিবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক থিলিনা কান্দাম্বে। ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৬ রান করে ইংল্যান্ড। জবাবে মাহেলা জয়াবর্ধনের অপরাজিত অর্ধশতকের সুবাদে ১৭ ওভার ২ বলে ১ উইকেটে জয়ের লক্ষ্য ১৩৭ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে সফরকারীদের উড়ন্ত সূচনা এনে দেন জয়াবর্ধনে ও জয়াসুরিয়া। ৪ ওভার ১ বলে ৪০ রান তোলেন তারা। জয়াসুরিয়া ৮ বলে ৮ রান করে বিদায় নিলেও অবিচল থাকেন জয়াবর্ধনে। দ্বিতীয় উইকেট জুটিতে জয়াবর্ধনে ও সাঙ্গাকারা ৯৭ রান যোগ করে দলকে বড় জয় এনে দেন। জয়াবর্ধনে ৭২ ও সাঙ্গাকারা ৪৩ রানে অপরাজিত থাকেন। জয়াবর্ধনে তার ৫৭ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ১টি ছয় দিয়ে। অন্যদিকে সাঙ্গাকারার ৩৯ বলের ইনিংসে রয়েছে ৫টি চার। ইংল্যান্ডের পক্ষে একমাত্র উইকেটটি নেন ডার্নবাচ। এটি তার প্রথম ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে ১২ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে শুরুতেই খাদে পড়ে যায় স্বাগতিকরা। ওই অবস্থা থেকে দলকে টেনে তোলেন কেভিন পিটারসেন ও ইয়ন মর্গান। তৃতীয় উইকেট জুটিতে এ দু'জন দলের সঙ্গে ৮৩ রান যোগ করলে বড় সংগ্রহের সম্ভাবনা জেগে ওঠে। কিন্তু দলীয় ৯৫ রানের মাথায় মর্গান (৪৭) বিদায় নিলে বড় ধরনের ধাক্কা খায় স্বাগতিকরা। মর্গান তার ৩২ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ৩টি ছয় দিয়ে। ৬ রান পরেই তাকে অনুসরণ করেন পিটারসেন (৪১)। তার ২৭ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছয় রয়েছে। এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর আর সেভাবে রান তুলতে পারেনি স্বাগতিকরা। ৭ ওভার ১ বলে ৩৫ রান যোগ করতেই হারায় আরো ৫ উইকেট। পিটারসেন ও মর্গান ছাড়া কেবল রবি বোপারা পৌঁছান দু'অঙ্কের কোঠায়। তার ব্যাট থেকে আসে ১৯ রান। শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা, সনাৎ জয়াসুরিয়া ও সুরাঙ্গা লাকমাল ২টি করে উইকেট নেন। খেলায় প্রথমবারের মতো ইংল্যান্ডের নেতৃত্ব দেন স্টুয়ার্ট ব্রড। কান্দাম্বেও দলনেতার দায়িত্ব পালন করেন প্রথমবারের মতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৩০ ঘ.