ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন দেশকে নিয়ে একদিনের প্রতিযোগিতা ও দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সেই সঙ্গে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ব্রেন্ডন টেলরের নাম।
সীমিত ওভারের এই প্রতিযোগিতার অন্য দু'টি দল দক্ষিণ আফ্রিকা এ ও অস্ট্রেলিয়া এ। পরে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে দু'টি চারদিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
একদিনের প্রতিযোগিতায় দলের লাগাম তুলে দেয়া হয়েছে ব্রেন্ডন টেলরের হাতে। আর দুইদিনের খেলায় দ্বিতীয় সারির দলের নেতৃত্ব দেবেন ভুসি সিবান্দা। ওই খেলা ১১ জুলাই শুরু হবে।
জুনের শুরুতে ৩২ জনকে নিয়ে ক্যাম্প শুরু করে জিম্বাবুয়ে। তবে চোটের কারণে প্রস্তুতি ব্যহত হয়।
দলের কোচ অ্যালান বুচার বলেন, "অনুশীলনে খেলোয়াড়রা যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। শুরুতে অবশ্য একটু ঝামেলা হয়েছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়।"
ক্যাম্পের সবাই এখন মানসিকভাবে চাঙ্গা বলে উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়দের শারীরিক সামর্থ্য অনেক বেড়েছে এবং 'টেকনিক্যাল' দিক নিয়ে এখন তারা সজাগ।
ছয় বছর পর প্রথম টেস্ট খেলার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য অস্ট্রেলিয়া এ ও দক্ষিণ আফ্রিকা এ দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে খুশি বুচার।
তিনি বলেন, "নিঃসন্দেহে অস্ট্রেলিয়া এ ও দক্ষিণ আফ্রিকা এ শক্তিশালী দল। তাদের খুব ভালো কয়েকজন ক্রিকেটার আছে। ছয় বছর পর টেস্ট খেলতে নামার আগে তাদের বিরুদ্ধে খেলা আমাদের খুব কাজে লাগবে।"
দল: ব্রেন্ডর টেলর (অধিনায়ক), রেগিস চাকাবভা, টেন্ডাই চাটারা, এল্টন চিগুম্বুরা, ক্রেগ ইরভিন, হ্যামিল্টন মাসাকাদজা, কিগান মেথ, ক্রিস্টোফার এমপোফু, ফস্টার মুতিজওয়া, রেমন্ড প্রাইস, ভুসি সিবান্দা, টাটেন্ডা টাইবু, প্রসপার উৎসেয়া, ব্রায়ান ভিটোরি ও ম্যালকম ওয়াল্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯০৯ ঘ.
bdnews24