২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে ভারতের আধিপত্য প্রমাণ হবে, যদি-

এ বছর বিদেশে তিনটি সিরিজের সবগুলোতে জিততে পারলে টেস্ট ক্রিকেটে ভারতের আধিপত্য প্রমাণ হয়ে যাবে বলে মনে করছেন সে দেশের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 10:57 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছর বিদেশে তিনটি সিরিজের সবগুলোতে জিততে পারলে টেস্ট ক্রিকেটে ভারতের আধিপত্য প্রমাণ হয়ে যাবে বলে মনে করছেন সে দেশের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারত শীর্ষ দল হয়ে আছে ২০০৯ সাল থেকে। এই সময়ের মধ্যে ভারত তাদের প্রতিপক্ষ দলগুলোকে হারিয়েছে। এ বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে সে দেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে তারা ১-১ ব্যবধানে। ভারত বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফর করছে। এরই মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে নিয়েছে। জুলাইয়ে তারা ইংল্যান্ড সফরে যাবে। খেলবে চারটি টেস্ট। আর বছরের শেষ দিকে চারটি টেস্ট খেলার জন্য যাবে অস্ট্রেলিয়া সফরে। আইসিসি ওয়ার্ল্ড রেডিও শো-তে শেবাগ বলেন, "এ বছর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ভারত যে এক নম্বর দল তা আমরা প্রমাণ করতে পারবো।" "আমরা এক বছর কিংবা তারও বেশি সময় ধরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছি। শীর্ষ স্থান দখল করা নিঃসন্দেহে কঠিন। কিন্তু তার চেয়ে কঠিন দীর্ঘ সময় ধরে তা ধরে রাখা," বলেন তিনি। শেবাগ তার কাঁধের চোট সম্পর্কে বলেন, ভালভাবেই সেরে উঠছে চোট। এই চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। দ্রুত মাঠে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করে শেবাগ বলেন, "ইংল্যান্ড সফরে যাতে খেলতে পারি সে জন্য আমি ভীষণ চেষ্টা করছি।" ঘরে বসে দলের খেলা দেখতে ভালো লাগে না বলে শেবাগ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/১৬৪৭ ঘ.