ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেয়ার সুযোগ না পেয়ে হতাশ ব্রেন্ডন ম্যাককালাম। তবে নতুন অধিনায়ক রস টেলরকে পূর্ণ সমর্থন দেয়ার কথা জানিয়েছেন তিনি।
এ সময় ম্যাককালাম বলেন, "টেলর আমার পূর্ণ সমর্থন পাবেন। যে কোনো প্রতিদ্বন্দ্বিতার চেয়ে আমাদের বন্ধুত্ব বেশি গভীর।"
ড্যানিয়েল ভেট্টোরি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর টেলর ও ম্যাককালাম ছিলেন সম্ভাব্য অধিনায়কের তালিকায়। ভেট্টোরির পরিবর্তে দলকে নেতৃত্ব দেয়ার সময় ব্যাট হাতে ভালো করার সুবাদে নিউজিল্যান্ড দলের নতুন অধিনায়ক করা হয় টেলরকে।
ম্যাককালাম রেডিও স্পোর্টসকে বলেন, "আমি খুবই হতাশ। খুব করে এটা চেয়েছিলাম। টেলর দায়িত্ব পেয়েছেন, তার জন্য রইল আমার শুভ কামনা। তার দীর্ঘ সফরে অবশ্যই আমি একজন সঙ্গী হব।"
২৯ বছর বয়সী ম্যাককালাম বলেন, "আমাদের বন্ধুত্ব যথেষ্ট গভীর। যে কোনে মত পার্থক্য কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।"
দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাচ্ছেন না জানার পর প্রথম চব্বিশ ঘন্টা প্রচণ্ড হতাশায় কেটেছে ম্যাককালামের। তবে পরে নিজেকে ফিরে পেয়েছেন তিন। তিনি বলেন, "প্রথম দিনটি ছিল ভীষণ হতাশার। তবে এখন আমি সামনের দিকে তাকাতে আগ্রহী। নিউজিল্যান্ডের হয়ে খেলাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
ম্যাককালাম নিউজিল্যান্ডের সহ-অধিনায়ক হওয়ার কথা বললেও আদৌ ওই পদের কোনো দরকার আছে বলে মনে করেন না। তিনি বলেন, "আমি হয়তো সহ-অধিনায়ক হতে পারি। তবে নিউজিল্যান্ড দলে কোনো সহ-অধিনায়ক দরকার আছে বলে আমি মনে করি না।
সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা নিউজিল্যান্ডের। সে সময় সহ-অধিনায়ক ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৮৪৫ ঘ.
bdnews24