ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন আরব আমিরাতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিরুদ্ধে 'হোম সিরিজ' খেলবে পাকিস্তান।
লাহোরে ২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান সফর বন্ধ রেখেছে টেস্ট খেলুড়ে দেশগুলো।
হোম সিরিজ খেলতে অন্য দেশগুলোকে বেছে নিতে হচ্ছে পাকিস্তানকে। প্রস্তাবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের নাম থাকলেও দেশ দুটি ভেন্যু হিসেবে আরব আমিরাতকে বেছে নিয়েছে।
পিসিবি'র ডিরেক্টর জাকির খান বলেন, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড আরব আমিরাতে খেলতে রাজি হয়েছে। দুই সিরিজের জন্য আমরা বিভিন্ন ভেন্যু নিয়ে ভেবেছি তবে শেষ পর্যন্ত আরব আমিরাতকেই বেছে নেয়া হয়েছে। খেলা হবে আবুধাবী ও দুবাইয়ে।"
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ইংল্যান্ডের সফরসূচী এখনো চূড়ান্ত হয়নি। ওই সিরিজে ২০১২ সালের জানুয়ারি-ফেব্র"য়ারিতে তিনটি টেস্ট, সর্বোচ্চ পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি বা দুটি টি-টোয়েন্টি ম্যাচ হতে পারে।
গত তিন বছর ধরে একদিনের সিরিজগুলো আরব আমিরাতে খেলছে পাকিস্তান। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টসহ পূর্ণ সিরিজ সেখানেই খেলে তারা।
এর আগে আরব আমিরাত 'হোম সিরিজ' আয়োজন করতে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তির কথা বলেচিল জোরেশোরে। তবে পিসিবি কখনোই তাতে সায় দেয়নি। তারা আশা করছেন, পাকিস্তান সফরে কিছু দিনের মধ্যেই রাজি হতে পারে দেশগুলো।
গত মে'তে প্রথম আন্তর্জাতিক দল হিসেবে আফগানিস্তান পাকিস্তান সফর করে। সে সময় তারা পাকিস্তান এ দলের সঙ্গে একদিনের সিরিজ খেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৩৩ ঘ.
bdnews24