ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফেরাকে অস্ট্রেলিয়া নিজেই কঠিন করে ফেলছে বলে মনে করেন মিকি আর্থার।
ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার বলেন, টি-টোয়েন্টি স্পেশালিস্টদের বেশি অর্থের প্রস্তাব দিয়ে নিজেই টেস্ট র্যঙ্কিংয়ের শীর্ষে ফেরায় অন্তরায় হয়ে উঠছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গ্রীষ্মের শেফিল্ড শিল্ডে একজন ক্রিকেটার ১ লাখ ৪০ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় করতে পারতেন। তবে এবার সেই অঙ্ক নেমে এসেছে ১ লাখ ১৫ হাজার ডলারে। সেই সঙ্গে কমেছে চুক্তির সংখ্যা। ২০ থেকে কমে এবার সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করা হবে।
আর্থার মনে করেন দেশের যে সব ক্রিকেটার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পাবে না, প্রথম শ্রেণীর ক্রিকেটে তাদের মনযোগ অনেকটাই কমবে।
তিনি বলেন, "এটা সত্যি যে পরিমাণ অর্থ আছে তাতে দলের সব সদস্যকে সন্তুষ্ট করা কঠিন হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এখানে ভুল হচ্ছে। বিগ ব্যাশে নয় রাজ্য দলের হয়ে খেলার জন্য ক্রিকেটারদের বেশি টাকা পাওয়া উচিত। অস্ট্রেলিয়াকে টেস্টে শীর্ষাসনে ফিরিয়ে নিতে যদি আমরা সত্যিই আন্তরিক হয়ে থাকি তার ছাপ থাকতে হবে বেতন কাঠামোতেও।"
এই বেতন কাঠামো একজনকে টেস্ট ক্রিকেটার নয়, টি-টোয়েন্টি খেলোয়াড় হতে উৎসাহী করবে বলে মনে করেন আর্থার।
তিনি বলেন, "চুক্তি নিয়ে রাজ্যের ক্রিকেটারদের অসন্তোষ কারো অজানা নয়। এটা খুব কঠিন চুক্তি প্রক্রিয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৯৪৪ ঘ.
bdnews24