ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজে খেলতে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন সামিট প্যাটেল ও ক্রেগ কিসওয়েটার।
ক্রিকেট জীবনে সবচেয়ে বাজে সময় পার করা পল কলিংউড বাদ পড়েছেন টি-টোয়েন্টি ও একদিনের দল থেকে। ডারহামের হয়ে শতক হাঁকানোর পরও নির্বাচকদের মন গলাতে পারেন নি তিনি।
বিশ্বকাপে বাজে খেললেও একদিনের দলে রয়েছেন জেমস অ্যান্ডারসন।
টেস্ট দলে জায়গা না পেলেও টি-টোয়েন্টি ও একদিনের দলে ডাক পেয়েছেন রবি বোপারা। তার সঙ্গী স্টিভেন ফিন। জায়গা পেয়েছেন জাদে ডের্নবাচ ও ক্রিস ওয়কস। তবে কোনো দলেই রাখা হয়নি টেস্টে দারুণ খেলা ক্রিস ট্রেমলেটকে।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। অন্যদিকে একদিনের দলের লাগাম অ্যালিস্টার কুকের হাতে।
স্পিনিং অলরাউন্ডার প্যাটেল ব্যাট করেন মাঝসারিতে। ফিটনেস নিয়ে সমস্যা থাকায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এবার কাউন্টি ক্রিকেট দারুণ খেলে ঠিকই নিজের জায়গা করে নিয়েছেন।
নির্বাচক জিওফ মিলার মুগ্ধ কিসওয়েটার ও প্যাটেলে। বলেন, "কঠোর পরিশ্রম করে কিসওয়েটার ও প্যাটেল দলে জায়গা করে নিয়েছে। কিসওয়েটার সামারসেটের হয়ে দারুণ খেলেছে অন্যদিকে টেস্টে অসাধারণ ফর্মে আছেন ম্যাট প্রায়র। তবে উইকেটের পেছনে নির্ভরতা দেয়ার পাশাপাশি ব্যাট হাতেও বেশ আগ্রাসী হয়ে উঠতে পারেন বলেই দলে এসেছেন কিসওয়েটার।"
বিশ্বকাপে খেললেও শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ঘোষিত দলে নেই আজমল শেহজাদ, টিম ব্রেসন্যান, লিউক রাইট ও জেমস ট্রেডওয়েল।
টি-টোয়েন্টি দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), ইয়ান বেল, রবি বোপারা, জাদে ডের্নবাচ, স্টিভেন ফিন, ক্রেগ ক্রিসওয়েটার, মাইকেল ল্যাম্ব, ইয়ন মর্গান, সামিট প্যাটেল, কেভিন পিটারসেন, গ্রায়েম সোয়ান, ক্রিস ওয়াক্স ও লিউক রাইট।
একদিনের দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডাসন, ইয়ান বেল, রবি বোপারা, স্টুয়ার্ট ব্রড, জাদে ডের্নবাচ, স্টিভেন ফিন, ক্রেগ কিসওয়েটার, ইয়ন মর্গান, সামিট প্যাটেল, কেভিন পিটারসেন, গ্রায়েম সোয়ান, জোনাথন ট্রট ও ক্রিস ওয়কস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৮০৮ ঘ.
bdnews24