২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ঢাকায় টি২০ আয়োজনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে'

ভারতের আইপিএলের আদলে একটি আন্তর্জাতিক টি২০ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আইপিএলের আদলে একটি আন্তর্জাতিক টি২০ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি। বিকালে ৫টা ২৫ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হয়। রংপুর-১ আসনের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের গত ৪ জুন তারিখে অনুষ্ঠিত ৩১তম সভায় ভারতের আইপিএলে-এর আদলে বাংলাদেশে ভিন্ন পরিসরে বিসিবিকর্তৃক একটি আন্তর্জাতিক টি২০ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। "বর্তমানে এ টুর্নামেন্টের একটি কনসেপ্ট পেপার/বিজনেস মডিউল তৈরির কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে।" কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মুজিবুল হক প্রশ্নের জবাবে আহাদ আলী সরকার জানান, বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট খেলা পরিচালনা করা এবং এর সমুদয় আয়-ব্যয় আইসিসি কর্তৃক নিয়ন্ত্রিত হয়েছে। এ বিষয়ে আইসিসি থেকে হিসাব পাওয়ার পর তা সংসদকে অবহিত করা হবে। ঢাকায় ৮৬ ব্যক্তির নামে সড়ক সংরক্ষিত নারী আসনের সাংসদ তহুরা আলীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ঢাকা মহানগরীতে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য ভাষা সৈনিক, বিশিষ্ট সাংবাদিকের নামে ৮৬টি রাস্তার নতুন নামকরণ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯১৬ ঘ.