ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোর্ডের কাছ থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় ভারতের কোনো ক্রিকেটার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলতে পারছেন না।
সিঙ্গাপুর ভিত্তিক কম্পানি 'সামারসেট এন্টারটেইনমেন্ট ভেঞ্চাস' ওই প্রতিযোগিতাটি আয়োজনের সমস্ত দায়িত্ব নিয়েছে।
আর এখানেই আপত্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। খেলোয়াড়দের প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআইর একজন কর্মকর্তা এই বিষয়ে বলেন, "ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলোয়াড়রা বিসিসিআই এর নিয়ন্ত্রণে থেকেছেন। কিন্তু এসএলপিএলে সব কিছু 'ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানির' হাতে ছেড়ে দেয়া হচ্ছে। যদি কোনো কারণে তালগোল পাকিয়ে যায় তবে শ্রীলঙ্কা ক্রিকেট সেটা সামাল দিতে পারবে না। তাই বিসিসিআই কোনো ধরণের ঝুঁকি নিচ্ছে না।"
বিসিসিআইয়ের সফর ও সূচি নির্ধারণ করার সভায় ওই কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওই সভাতেই ভারতীয় ক্রিকেটারদের এসএলপিএলে খেলতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতের ১২জন খেলোয়াড়ের এসএলপিএলে খেলতে যাওয়ার কথা ছিলো। তারা হলেন, প্রবিন কুমার, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মনোজ তিওয়ারি, সৌরভ তিওয়ারি, উমেশ যাদব, বিনয় কুমার, মনিশ পান্ডে ও পল বালথাটি।
এর আগে বিসিসিআই বলেছিলো, আন্তর্জাতিক ও ঘরোয়া সূচিতে অসুবিধা না হওয়ায় খেলোয়াড়দের এসএলপিএলে খেলতে যেতে দিতে তাদের কোনো আপত্তি নেই।
যদিও ওই কর্মকর্তা জানিয়েছেন, বিসিসিআই'র ওই সিদ্ধান্তের সঙ্গে আইপিএল চলাকালীন ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার খেলোয়াড়দের দেশে ডেকে পাঠানোর বিষয়টির কোনো সম্পর্ক নেই।
জানা গেছে বিসিসিআই'র ওই সিদ্ধান্তের খবর পেয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জরুরি সভা ডেকেছে। কিন্তু সভার বিষয়ে কেউই মুখ খোলেননি।
১৯ জুলাই শুরু হয়ে ৪ অগাস্ট পর্যন্ত এসএলপিএল প্রতিযোগিতাটি চলার কথা। এরই মধ্যে ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, শহিদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টরি, কেভিন ও'ব্রায়েন ও হার্শল গিবস প্রতিযোগিতাটিতে অংশ নেয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৯৪৮ ঘ.
bdnews24