২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপটন, রোডসকে চাই কার্স্টেনের

দক্ষিণ আফ্রিকার জন্য সেরা লোকদের খুঁজছেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার জন্য সেরা লোকদের খুঁজছেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন। দক্ষিণ আফ্রিকা দলে বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ডকে এরই মধ্যে পেয়ে গেছেন প্রধান কোচ গ্যারি কার্স্টেন। এছাড়া সহকারী কোচ হিসেবে পেয়েছেন রাসেল ডোমিঙ্গোকে। এবার সহকারী হিসেবে সাইকোলজিস্ট প্যাডি আপটন ও কিংবদন্তীতুল্য ফিল্ডার জন্টি রোডসকে চাইলেন তিনি। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেন কার্স্টেন। দায়িত্ব নেয়ার পর তিনি বলেন, দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব দিতে চান সাবেক সতীর্থ ও ফিল্ডিং তারকা রোডসকে। আর 'চোকার' হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটারদের মনোবল বাড়াতে 'সাইকোলজিস্ট' হিসেবে চান আপটনকে। ভারতের বিশ্বকাপ জয়ী দলে কার্স্টেনের সঙ্গী ছিলেন আপটন। দক্ষিণ আফ্রিকা দলে এর আগেও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ৪১ বছর বয়সী রোডস। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন তিনি। বিশ্বকাপে কেনিয়ার ফিল্ডিং কোচ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। কার্স্টেন বলেন, "দলে প্রতিভা আর দক্ষতার কোনো ঘাটতি নেই। তবে আমি মনে করি, বিশেষ কিছু জায়গায় আমাদের বিশেষজ্ঞ দরকার।" স্পোর্টস টোয়েন্টিফোরকে তিনি বলেন, "জন্টি অবশ্যই আমাদের পরিকল্পনায় আছেন। সময় সময় ফিল্ডিং বিশেষজ্ঞ হিসেবে তাকে আমাদের প্রয়োজন হবে। একইভাবে প্যাডিও আছেন আমাদের পরিকল্পনায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১২৩ ঘ.