ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের প্রস্তাবিত সফরে নিউজিল্যান্ড সরকার সবুজ সঙ্কেত দিয়েছে।
নিউজিল্যান্ডের ক্রীড়া ও পররাষ্ট্রমন্ত্রী মুররে ম্যাকালি জানান, ২০১২ সালে জিম্বাবুয়ের ফিরতি নিউজিল্যান্ড সফরে সরকারের কোনো আপত্তি নেই।
এ বছরের অক্টোবরে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা নিউজিল্যান্ডের। ২০০৫ সালের পর এটাই হবে দেশটিতে নিউজিল্যান্ডের প্রথম সফর। আশা করা হচ্ছে নিউজিল্যান্ডের সফরের পর আগামী গ্রীষ্মে ফিরতি সফরে জিম্বাবুয়ে যাবে নিউজিল্যান্ড।
রবার্ট মুগাবে সরকারের আমলে ভূমি সংস্কার নিয়ে রাজনৈতিক সঙ্কট দেখা দেয়ার পর জিম্বাবুয়ের যে কোনো ক্রীড়া দলের নিউজিল্যান্ড সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ম্যাকালি সানডে স্টার টাইমসকে বলেন, "নিষেধাজ্ঞা বহাল থাকলেও জিম্বাবুয়ে ক্রিকেট দলকে সফরের অনুমতি দেয়া হবে।"
তিনি বলেন, "নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের জানিয়েছে, অক্টোবরে তারা জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। এ ব্যাপারে সরকারের কোনো আপত্তি আছে কিনা জানতে চেয়েছে তারা। একই সঙ্গে তারা এ কথাও বলেছে যে পরের বছর ফিরতি সফরে আসতে পারে জিম্বাবুয়ে।"
জিম্বাবুয়ে ফিরতি সফরে আসতে পারবে বলে জানিয়ে তিনি বলেন, তবে শর্ত সাপেক্ষে সফরে আসতে হবে তাদের।
সবকিছু ঠিক থাকলে ১১ বছর পর নিউজিল্যান্ড সফরে যাবে জিম্বাবুয়ে। ২০০৫ সালে সরকার ভিসা না দেয়ায় নিউজিল্যান্ড সফরে যেতে পারেনি দেশটির ক্রিকেট দল। গত বছর নিউজিল্যান্ড এ দলের জিম্বাবুয়ে সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ আবারো চালু করার ক্ষেত্র প্রস্তুত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১০৮ ঘ.
bdnews24