ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের কোচ হিসেবে রশিদ লতিফের ভবিষ্যত এখনো অনিশ্চিত।
বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো বলেছে, দলের কোচ হিসেবে রশিদ লতিফের সঙ্গে চুক্তি নবায়নের কথা ভাবছেন না তারা। তবে লতিফ বলেছেন, তার সঙ্গে বোর্ডের কেউ এখনো কিছু বলেনি।
২০ জুলাই আফগানিস্তানের কোচ হিসেবে রশিদ লতিফের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
পাকিস্তান 'এ' দলের বিরুদ্ধে গতমাসে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর লতিফের বক্তব্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ক্ষুব্ধ হয়। দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের আচরণ ও প্রচেষ্টায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। লতিফ বলেন, "সাবেক কোচ কবির খানকে ফিরিয়ে আনতে দলের অনেক খেলোয়াড়ই নিজের সেরাটা খেলেন নি"
এসিবি'র প্রধান নির্বাহী নাসিমুল্লাহ দানিশ পাকিস্তানের পত্রিকা দ্য নিউজকে বলেন, "লতিফ আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। সে কারণে আমাদের অন্য উপায়ের কথা ভাবতে হচ্ছে।"
লতিফের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর পক্ষে বোর্ডের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, "তার প্রতি সম্মান দেখিয়েই বলছি, পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজের পর আমাদের ভবিষ্যতের কথা নতুন করে ভাবতেই হচ্ছে। মানসিকভাবে শক্ত একজনকে আমাদের প্রয়োজন যিনি হারের জন্য খোঁড়া অজুহাত দেখাবেন না।"
"আমরা ইংল্যান্ড থেকে অনেকে আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। কাউন্টি ক্রিকেটে দশ বছর কোচ হিসেবে কাজ করেছেন এমন একজনকে আমরা ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার পথেই আছি।"
পুরনো কোচ কবির খানকে বোলিং কোচ হিসেবে পুনর্নিয়োগ দেয়া হতে পারে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তা। "কবির আমাদের সঙ্গে দু বছর কাজ করেছেন। খেলোয়াড়দের সঙ্গে তার যোগাযোগ খুবই ভালো। খেলোয়াড়রা ইংরেজি তেমন না বোঝায় বিদেশি কোচ ও খেলোয়াড় মধ্যে তাকেই যোগসূত্রের কাজ করতে হবে।"
গত বছরের অক্টোবর থেকে কবির ইউনাইটেড আরব আমিরাতের কোচ হিসেবে কাজ করছেন। গত আগস্টে বোর্ডের কাজে হস্তক্ষেপের দায়ে এসিবি কবিরকে বিদায় করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৩৮ ঘ.
bdnews24