ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউসুফ পাঠানের ব্যাটে অনেক দিন ধরেই হাসি নেই। তাই ভারতের ইংল্যান্ড সফরে তার দলে থাকার সম্ভাবনা খুবই কম।
ভারতের বিশ্বকাপ জয়ী দলে সদস্য হলেও বিশ্বকাপে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি পাঠান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) তার ব্যাট কথা বলেনি।
এছাড়া ভারতের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে যেখানে নতুন তারকারা দারুণ খেলছেন সেখানে পাঠানকে ব্যর্থই বলতে হবে। একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে ৬ বলে ১০ রান করেন তিনি। এছাড়া প্রথম একদিনের ম্যাচে করেন ১০ রান। আর দ্বিতীয় ম্যাচে তো ব্যাট করতে নামার সুযোগই পাননি।
যদিও বিশ্বের সবচেয়ে শক্তিশালী 'ব্যাটিং লাইনআপে' সাত নম্বরে ব্যাট করতে নেমে তেমন কিছুই করার থাকে না। তবে দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারছেন না তিনিও। গত ৮টি একদিনের ম্যাচে তার মোট রান ৮২।
অথচ বিশ্বকাপের আগে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেছিলেন পাঠান। যা তাকে ভারতের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করতে সহায়তা করেছিলো।
ভবিষ্যত নিশ্চিত করতে হলে সফরের বাকী তিনটি একদিনের ম্যাচে দারুণ কিছু করে দেখাতে হবে পাঠানকে। কারণ তার প্রতিদ্বন্দ্বী শেখর ধাওয়ান ও পার্থিব প্যাটেল এরই মধ্যে নামের পাশে একটি করে অর্ধ-শতক যোগ করেছেন।
এছাড়া উইন্ডিজ সফরে দলের নিয়মিত খেলোয়াড় শচীন টেন্ডুলকার, বীরেন্দ্রর শেবাগ, গৌতম গম্ভীর ও যুবরাজ সিং বিশ্রামে আছেন। তবে ইংল্যান্ড সফরে তাদের সবারই দলে ফেরার সম্ভাবনা আছে। তাই অনিশ্চিত হয়ে পড়েছে ইউসুফ পাঠানের ভবিষ্যত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩৫০ ঘ.
bdnews24