ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুমতি না নিয়ে সাক্ষাৎকার দেয়ায় জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় সানা মীরকে সতর্ক করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক্সপ্রেস ট্রিবিউন'র সঙ্গে এক সাক্ষাৎকারে সানা জাতীয় দলের জন্য একজন মহিলা কোচের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।
পিসিবির মতে, অনুমতি না নিয়ে সাক্ষাৎকার দিয়ে সানা বোর্ডের আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এ কারণে তাকে সতর্ক করে দেয়া হয়েছে, যাতে ভবিষ্যতে তিনি এমনটা না করেন।
পিসিবির মুখপাত্র সানাকে সতর্ক করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ বছর বয়সী সানা ৪০টি একদিনের ম্যাচ খেলেছেন। এছাড়া ২০১০ সালের এশিয়ান গেমসে তিনি পাকিস্তান দলের নেতৃত্ব দেন।
মেয়েদের ক্রিকেটকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার পর সানাই হলেন প্রথম মহিলা ক্রিকেটার, যাকে বোর্ডের পক্ষ থেকে সতর্ক করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২৫ ঘ.
bdnews24