২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় একদিনের দলেও নেই গেইল

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের দলেও জায়গা হয়নি ক্রিস গেইলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের দলেও জায়গা হয়নি ক্রিস গেইলের। গেইলের বিতর্কিত বেতার সাক্ষাৎকারের পর থেকে দলে নেয়া হচ্ছে না তাকে। প্রথম দু'টি একদিনের খেলাতেও দর্শক হয়েছিলেন তিনি। এর কারণ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড বলছে, গেইলের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। তাই দলে রাখা হয়নি তাকে। প্রস্তাবিত আলোচনার তারিখ এখনো ঠিক করা হয়নি। প্রথম দু'টি একদিনের খেলার জন্য যে দলটি বেছে নেয়া হয়েছিল, সেই দলে পরিবর্তন আনা হয়েছে দু'টি। ডোয়াইন ব্রাভো বিশ্রাম চাওয়ায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তার বদলে দলে নেয়া হয়েছে ড্যানজা হায়াটকে। ভারতের বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। বিশ্রাম দেয়া হয়েছে রবি রামপলকেও। তার জায়গায় দলে এসেছেন কেমার রোচ। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ০-২ ম্যাচে পিছিয়ে আছে। তৃতীয় একদিনে ম্যাচ হবে ১১ জুন অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে। ১৩ জনের ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন সামি (অধিনায়ক), কার্লটন বগ (উইকেটরক্ষক), দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, কার্ক এডোয়ার্ডস, ড্যানজা হায়াট, এন্টনি মার্টিন, কিয়েরন পোলার্ড, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারোয়ান ও লেন্ডল সিমন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০২ ঘ.