২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন চট্টগ্রাম পুলিশ ইন্সটিটিউট

ডোনাভান সেকেন্ডারি স্কুলকে ৫ রানে হারিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং ন্যাশনাল স্কুল কম্পিটিশন ২০১১-এর শিরোপা জিতেছে চট্টগ্রাম পুলিশ ইন্সটিটিউট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডোনাভান সেকেন্ডারি স্কুলকে ৫ রানে হারিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং ন্যাশনাল স্কুল কম্পিটিশন ২০১১-এর শিরোপা জিতেছে চট্টগ্রাম পুলিশ ইন্সটিটিউট। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে আরাফাত খানের অর্ধশতকের সুবাদে ২২৮ রান করে পুলিশ ইন্সটিটিউট। জবাবে মনজুরুল হাসানের অর্ধশতকের পরও ২২৩ রানে থামে পটুয়াখালীর ডোনাভান সেকেন্ডারি স্কুল। জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় সমান তালে লড়ে যায় পটুয়াখালীর দলটি। এক পর্যায়ে জয়ের জন্য ১০ বলে ১০ রান প্রয়োজন ছিল তাদের। হাতে ছিল ৩ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত ৪ রানের বেশি করতে পারেনি, গুটিয়ে যায় ৪ বল বাকি থাকতে। ডোনাভানের প্রথম আট ব্যাটসম্যানের সাতজনই পা রাখেন দুই অঙ্কের ঘরে। চার নম্বর ব্যাটসম্যান মনজুরুল করেন সর্বোচ্চ ৬০ রান। এছাড়া নিয়াজ হোসেন ৩৩ ও ফারুক মোল্লা করেন ২৯। বাকি ব্যাটসম্যানরা শুরু করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। পুলিশ ইন্সটিটিউটের পক্ষে সাদ্দাম হোসেন ৩ উইকেট নেন ৪১ রানে। এর আগে উদ্বোধনী জুটিতে ৬২ রান তুলে চট্টগ্রামের দলটির ভালো ভিত্তি গড়ে দেন শরিফুল ইসলাম (৪৫) ও ফারহাদ সরকার (২৬)। দলের প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই পৌঁছান দুই অঙ্কের কোঠায়। সবচেয়ে বেশি ৫৩ রান আসে আরাফাতের ব্যাট থেকে। শেষের দিকে দ্রুত উইকেট হারানোয় ১ বল বাকি থাকতে গুটিয়ে যায় পুলিশ ইন্সটিটিউট। ডোনাভনের পক্ষে রকিবুল ইসলাম ৫ উইকেট নেন ৫০ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৫৪ ঘ.