ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে নিজের প্রতিবেদনে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে অপরিণত, অস্থির, পরিকল্পনাহীন ও একগুয়ে বলেছেন দেশটির প্রধান কোচ ওয়াকার ইউনুস।
প্রতিবেদনে ইউনুস বলেন, "অধিনায়ক হিসেবে সে (আফ্রিদি) খুবই অপরিণত। তাছাড়া তার মধ্যে শৃঙ্খলাবোধ ও পরিকল্পনার অভাব রয়েছে। উপরন্তু সে কারো মতামত বা পরামর্শের ধার ধারে না।"
একই সঙ্গে ওয়াকার যোগ করেন দল নির্বাচনের সভা থেকে আফ্রিদি বের হয়ে গিয়েছিলো।
এর দ্বারাই বোঝা যায় ওই সফরের শেষ দিকে কোচ ও অধিনায়কের মধ্যে সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছিলো।
দল ব্যবস্থাপক ইন্তেখাব আলমও তাদের (ওয়াকার ও আফ্রিদির) সম্পর্কের তিক্ততার বিষয়টি স্বীকার করে তার প্রতিবেদনে বলেন, "ওই সময়ে ওয়াকার উদ্ধত ছিলেন। আর আফ্রিদি সব সময় অস্থিরতায় ভুগতো। কোনো বিষয়ে অন্যরা মতামত দিতে গেলে সে মেজাজ হারিয়ে ফেলতো।"
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর অধিনায়কের পদ থেকে আফ্রিদিকে সরিয়ে দেয়া হলে প্রতিবাদ স্বরূপ 'শর্তসাপেক্ষে' অবসরের ঘোষণা দেন তিনি।
এছাড়া আফ্রিদি সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনাও করেন। পরে পিসিবি আফ্রিদির সঙ্গে কেন্দ্রীয় চুক্তি স্থগিত করার পাশাপাশি 'কোড অফ কন্ডাক্ট' ভঙ্গের অভিযোগে তাকে একটি কারণ দর্শনোর নোটিশ পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬১১ ঘ.
bdnews24