ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া 'এ' দলের সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক টেস্ট ক্রিকেটার জেসন গিলেস্পিকে।
চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া এ। মূলত ওই সফরের জন্যই গিলেস্পিকে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ট্রয় কুলি।
১০ বছরের অন্তর্জাতিক ক্রিকেট-জীবনে গিলেস্পি ৭১ টেস্টে ২৬.১৩ গড়ে নেন ২৫৯ উইকেট। এছাড়া টেস্টে একটি দ্বিশতকসহ রান করেছেন ১২১৮। একদিনের ক্রিকেটে ৯৭ খেলায় ১৪২ উইকেট নেন ২৫.৪২ গড়ে।
পরিকল্পিতভাবেই অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটারদের কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে সিএ। ২০০৮ সালে এ উদ্যোগ নেয়া হয়। এর আগে ক্রেগ ম্যাকডারমট, জাস্টিন ল্যাঙ্গার, ড্যারেন লেহম্যানকে জাতীয় দল কিংবা কোনো আঞ্চলিক দলের কোচ অথবা সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়।
কিছুদিন আগে জিম্বাবুয়ের প্রথম শ্রেণীর দল মিডওয়েস্ট রাইনোর কোচের দায়িত্ব পালন করেন গিলেস্পি। স্বাভাবিকভাবেই দেশটির পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে তিনি পরিচিত। তাই সিএ মনে করছে, সফরে পরিবেশ ও পরিস্থিতি নিয়ে তার এই অভিজ্ঞতা কাজে লাগবে।
অস্ট্রেলিয়া এ দলের সহকারী কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত গিলেস্পি। তিনি বলেন, "ট্রয় কুলির সঙ্গে কাজ করা একটা দারুণ ব্যাপার। ক্রিকেট-জীবনের এই পর্যায়ে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।"
রাইনো ছাড়াও ভারতের কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচ হিসেবে কাজ করেন গিলেস্পি।
সফরে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা 'এ' দলের সঙ্গে একদিনের ত্রিদেশীয় একটি টুর্নামেন্ট খেলবে অস্ট্রেলিয়া এ। এছাড়া স্বাগতিকদের বিরুদ্ধে দু'টি চারদিনের ম্যাচও খেলবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১৫ ঘ.
bdnews24