২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ তিন ম্যাচেও অনিশ্চিত গেইল

সফরকারী ভারতের বিপক্ষে একদিনের সিরিজের শেষ তিন ম্যাচে ক্রিস গেইলের খেলা এখনো অনিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফরকারী ভারতের বিপক্ষে একদিনের সিরিজের শেষ তিন ম্যাচে ক্রিস গেইলের খেলা এখনো অনিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকে দু'পক্ষের মতপার্থক্য কমিয়ে আনার ব্যাপারে আলোচনার প্রস্তাব দিলেও এখন পর্যন্ত তার কোনো অগ্রগতি হয়নি। গেইলের দিক থেকে কোনো সাড়া না পাওয়ায় সিরিজের জন্য এখনো তাকে ভাবছে না বোর্ড। বুধবার দলের অনুশীলন দেখতে আসা উইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইড বাটস বলেছেন এখনো পর্যন্ত গেইল তার সঙ্গে যোগাযোগ করেননি। বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জের ধরে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ব্যাট হাতে আলো ছড়ানো গেইলকে ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও প্রথম দুটি একদিনের ম্যাচে দলে রাখা হয়নি। বিশ্বকাপের পর বেতারে দেয়া গেইলের এক সাক্ষাৎকারে এই অচলাবস্থা সৃষ্টি হয়। গেইল সে সময় অভিযোগ করেন তার ফিটনেসের ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়ে বোর্ড তাকে পাকিস্তান সিরিজ থেকে বাদ দিয়েছে। তবে বোর্ড দাবি বলছে তারা সব সময়ই গেইলের খোঁজ খবর রেখেছেন। এর প্রমাণ হিসেবে এক সময় ইমেইল রেকর্ডও প্রকাশ করেছেন। এছাড়া ফোনে যোগাযোগের চেষ্টা করলেও গেইল কোনো জবাব দেননি বলে অভিযোগ রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে শেষ তিনটি একদিনের ম্যাচের জন্য দল ঘোষণা করা হতে পারে বলে বোর্ড আভাস দিয়েছে। এর আগে বোর্ডের সঙ্গে যোগাযোগ না করলে একদিনের সিরিজে খেলা হচ্ছে না গেইলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭২৩ ঘ.