ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার জেইড ডের্নবাক। তাকে নেয়া হয়েছে আহত জেমস অ্যান্ডারসনের জায়গায়।
কার্ডিফে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বল করার সময় চোট পান অ্যান্ডারসন। খেলায় ইনিংস ব্যবধানে জেতে ইংল্যান্ড।
এছাড়া দলে আর কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগেও দলে নেয়া হয় ডের্নবাককে। কিন্তু মাঠে নামার সুযোগ পাননি তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ৯ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন ডের্নবাক।
অ্যান্ডারসন না খেলায় স্টিভেন ফিনকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করতে পারে ইংল্যান্ড।
দ্বিতীয় টেস্ট লর্ডসে শুরু হবে ৩ জুন।
দল: অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালিস্টার কুক, জনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, ইয়ন মর্গান, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, ক্রিস ট্রেমলেট, স্টিভেন ফিন ও জেইড ডের্নবাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫০০ ঘ.
bdnews24