ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান নেতৃত্বের অধীনে শহিদ আফ্রিদি খেলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে নতুন নেতৃত্বের অধীনে তিনি খেলতে রাজি আছেন।
লন্ডন থেকে 'জিও' টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, "একজন মানুষের কাছে তার সম্মানই সবচেয়ে বড়। বোর্ড আমার সঙ্গে যে আচরণ করছে তা মেনে নেয়া সম্ভব নয়।"
"বোর্ডের বর্তমান নেতৃত্বের অধীনে আমি আর কখনোই খেলবো না। তবে নতুন নেতৃত্বের অধীনে আমি খেলতে রাজি আছি," বলেন তিনি।
অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেয়াও আফ্রিদি মেনে নিতে পারেননি।
পাকিস্তানের ক্রিকেটে যখন বেশ সঙ্কট চলছিল, তখন দেশটির একদিনের দলের দায়িত্ব দেয়া হয় আফ্রিদিকে। তার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ জেতে পাকিস্তান। এরপর অনেক জল ঘোলা করে বিশ্বকাপ দলের লাগাম তার হাতে তুলে দেয় পিসিবি। এই দায়িত্ব তাকে দেয়া হয় বিশ্বকাপ শুরুর ঠিক দুই সপ্তাহ আগে।
বিশ্বকাপে অধিনায়ক হিসেবে আফ্রিদিকে সফলই বলা চলে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে নিয়ে যান দলকে। ক্ষুব্ধ কণ্ঠে আফ্রিদি বলেন, এ জন্য কি তাকে অসম্মানিত করা হলো।
আফ্রিদি অভিযোগ করেন, বোর্ড তার সঙ্গে আলাপ-আলোচনা না করেই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে এ ব্যাপারে বোর্ড কোনো ব্যাখ্যা দেয়নি।
তবে বেশ কিছুদিন পর পিসিবি প্রধান ইজাজ বাট বলেন, সুস্পষ্ট কারণ থাকায় আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। তবে তিনি তা প্রকাশ করেননি।
পিসিবি প্রধান বলেন, পরে সময় মতো তিনি তা প্রকাশ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩৩০ ঘ.
bdnews24