ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গার বিরুদ্ধে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার ব্যাপারে কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
বোর্ডের সেক্রেটারি নিশান্থা রানাতুঙ্গা বলেন, "তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আমরা এখনো পাইনি।"
বোর্ড জানায় বিশ্বকাপে শ্রীলঙ্কার কোনো ক্রিকেটারের ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন বলে তাদের জানা নেই।
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত শতক হাঁকানো থারাঙ্গা'র বিরুদ্ধে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার অভিযোগ আনে কলম্বোর একটি দৈনিক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই অভিযোগের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
শ্রীলঙ্কার সানডে টাইমস রোববার নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে জানায় থারাঙ্গা এরই মাঝে আইনি লড়াইয়ের জন্য একজন আইনজীবি নিয়োগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএমে/২১৪৪ ঘ.
bdnews24