২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ লি

অধিনায়ক মাইকেল ক্লার্কের বন্দনায় মেতেছেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। একই সঙ্গে সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়েরও গুণগান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক মাইকেল ক্লার্কের বন্দনায় মেতেছেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। একই সঙ্গে সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়েরও গুণগান করেছেন। সানডে টেলিগ্রাফকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্লার্ক ও পন্টিং ছাড়াও নিজের ক্রিকেট জীবন নিয়েও আলাপ করেন ব্রেট লি। অধিনায়ক ক্লার্ক সম্পর্কে বেশ উচ্চ ধারণা পোষণ করেন লি। তার মতে, ক্লার্ক একদিনেই অধিনায়ক হওয়ার যোগ্যতা অর্জন করেননি। পন্টিংয়ের ছায়ায় সহ-অধিনায়ক হয়ে নিজের সামর্থ্যরে জানান দেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে। পন্টিংয়ের পর তার হাতে নেতৃত্ব যাওয়া এক রকম অনুমেয় ছিল। "এমনটা নয় যে ক্লার্কের ওপর এখন পাদ-প্রদীপের আলো পড়েছে। পন্টিংয়ের নিচে বেশ কয়েক বছর সহ-অধিনায়ক হয়ে কাজ করেছে সে। ক্রিকেট এবং ক্রিকেটারদের ভালোই বোঝার ক্ষমতা আছে তার। ক্রিকেটাররা তাকে সম্মানও করে।" পন্টিংয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে মনে করেন ব্রেট লি। পন্টিং ক্রিকেটকে আরও অনেক কিছু দেবে বলেই বিশ্বাস তার। "পন্টিংয়ের ব্যাট যতদিন চলবে, তার খেলা ততই ভালো হবে; নিজেকে ততই উচ্চ আসনে নিয়ে যাবেন তিনি।" চোটের কারণে টেস্টকে বিদায় জানিয়েছেন বেশ কিছুদিন হলো। টেস্ট ছাড়ার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন লি। "বেশ ক'বছর আগে টেস্টকে বিদায় জানিয়েছি। মনোযোগ বাড়িয়েছি একদিনের ম্যাচের প্রতি। বিশ্বকাপে যে বোলিং করেছি, তাতে মনে হচ্ছে না সিদ্ধান্তটা ভুল ছিল। শরীর ভালোই সাড়া দিচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৮৫৪ ঘ.