২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকু ও ট্রটের শতক, ভালো অবস্থায় ইংল্যান্ড

অ্যালিস্টার কুক ও জনাথন ট্রটের শতকের ওপর ভর করে ভালো অবস্থায় পৌঁছে গেছে ইংল্যান্ড। তৃতীয়দিন শেষে প্রথম পালায় ২ উইকেটে ২৮৭ রান করে দলটি। এখনো পিছিয়ে আছে ১১৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 05:05 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যালিস্টার কুক ও জনাথন ট্রটের শতকের ওপর ভর করে ভালো অবস্থায় পৌঁছে গেছে ইংল্যান্ড। তৃতীয়দিন শেষে প্রথম পালায় ২ উইকেটে ২৮৭ রান করে দলটি। এখনো পিছিয়ে আছে ১১৩ রানে। শ্রীলঙ্কার প্রথম পালায় রান করে ৪০০। কুক ব্যাট করছেন ১২৯ রান নিয়ে। অন্য প্রান্তে ১২৫ রানে অপরাজিত রয়েছেন ট্রট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে কার্ডিফে শনিবার ১ উইকেটে ৪৭ রান নিয়ে দিনের খেলা শুরু করেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কুক ও জেমস অ্যান্ডারসন। কিন্তু দলের সঙ্গে কোনো রান যুক্ত না হতেই বিদায় নেন নাইট-ওয়াচম্যান অ্যান্ডারসন। অজন্তা মেন্ডিসের অফ-স্ট্যাম্পের সামান্য বাইরের ফুলার লেঙথের বল ড্রাইভ করেন অ্যান্ডারসন। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে। সহজেই তা লুফে নেন মাহেলা জয়াবর্ধনে। ফলে সেখানেই থেমে যায় অ্যান্ডারসনের ১ রানের ইনিংস। এরপর পুরো দিনটি ছিল কুক আর ট্রটের। সেই সঙ্গে শ্রীলঙ্কার ফিল্ডারদের কাটে ক্লান্তিকর ও পরিশ্রান্ত একটি দিন। তৃতীয় উইকেট জুটিতে ২৪০ রান তুলে কুক ও ট্রট দলকে নিয়ে যান ছড়ি ঘোরানোর মতো অবস্থায়। শেষ পর্যন্ত কুক তার হার না মানা ২৬৩ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে। তিনি তার টেস্ট-জীবনের ১৭তম শতকে (১০০ রান) পৌঁছান ২২৪ বলে ৮টি চারের সাহায্যে। কুক দিনের খেলা শুরু করেন ২৪ রান নিয়ে। ট্রটের ২১৯ বলের ইনিংসে চার রয়েছে ১১টি। ঠিক ১০০ রানে পৌঁছার পথে তিনি চার মারেন ৮টি। এটি ছিল তার টেস্ট-জীবনের ষষ্ঠ শতক। বৃষ্টির কারণে খেলা শুরু হয় মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পর। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে লর্ডসে ৩ জুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০৩৮ ঘ.