ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪৩ রানে হারিয়ে আইপিএল'র ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এনিয়ে দ্বিতীয়বার প্রতিযোগিতার ফাইনালে উঠলো দলটি।
শনিবার চেন্নাইয়ে চূড়ান্ত খেলায় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে হার মানায় তৃতীয় হলো মুম্বাই। ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে তারা।
এর আগে ২০০৯ সালের ফাইনালে ডেকান চার্জার্সের কাছে হারে ব্যাঙ্গালোর। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই তৃতীয়বারের মতো ফাইনাল খেলছে। ২০০৮ সালে প্রথম আসরের ফাইনালে রাজস্থান রয়্যালসের কাছে হারে তারা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক শচীন টেন্ডুলকার।
ব্যাট করতে নেমে ক্রিস গেইলের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৮৫ রান করে ব্যাঙ্গালোর। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪২ রানে থেমে যায় মুম্বাই।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে মুম্বাই। দলের হয়ে একাই লড়েন শচীন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান। তিনি তার ২৪ বলের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে।
মুম্বাইয়ের প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কের ঘরে পৌঁছলেও কেউ নিজেদের ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৬৮ রানের মাথায় শচীনের বিদায়ের পর দলের সঙ্গে আর ২১ রান যোগ হতেই রোহিত শর্মা (১৩), অম্বাতি রাইয়ুডু (০) ও কিয়েরন পোলার্ডকে (৩) হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে মুম্বাই। পরের দিকের ব্যাটসম্যানরা হারের ব্যবধানই কমিয়েছেন কেবল।
ব্যাঙ্গালোরের পক্ষে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ৩ উইকেট নেন ১৯ রানে।
এর আগে ব্যাঙ্গালোরকে লড়াইয়ের ভীত গড়ে দেন ক্রিস গেইল ও মায়াঙ্ক আগারওয়াল। ১০ ওভার ৪ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ১১৩ রান। আগারওয়াল (৪১) ফিরে গেলেও সমান তালে খেলে যেতে থাকেন গেইল।
শেষ পর্যন্ত দলীয় ১৪৮ রানের মাথায় থামে গেইল-ঝড় (৮৯)। তার ৪৭ বলের ইনিংসে রয়েছে ৯টি চার ও ৫টি ছক্কা। গেইলের বিদায়ের পর রান তুলতে অবশ্য লড়াই করতে হয়েছে ব্যাঙ্গালোরকে। দ্রুত বিদায় নেন বিরাট কোহলি ৮ ও লিউক পুমারসব্যাচ ৪। শেষ পর্যন্ত দলকে বড় সংগ্রহ এনে দেন এবি ডি ভিলিয়ার্স। তিনি অপরাজিত ছিলেন ২১ রানে।
মুম্বাইয়ের পক্ষে মুনাফ প্যাটেল ২ উইকেট নেন ২৭ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০৪৫ ঘ.
bdnews24