ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয়দিন মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত শ্রীলঙ্কা ২০৭ রান তুলেছে ৪ উইকেটে।
থিলান সামারাবিরা ব্যাট করছেন ৩৮ রান নিয়ে। অন্য প্রান্তে ২১ রানে অপরাজিত রয়েছেন প্রসন্ন জয়াবর্ধনে।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে শুক্রবার ২ উইকেটে ১৩৩ রান নিয়ে দিনের খেলা শুরু করেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা ও মাহেলা জয়াবর্ধনে।
কিন্তু দলের সঙ্গে কোনো রান যুক্ত না হতেই বিদায় নেন মাহেলা। অফ-স্ট্যাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকার মুখে জেমস অ্যান্ডারসনের বলটিকে শক্ত হাতে খেলেন মাহেলা। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় ফার্স্ট স্লিপে। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ডানদিকে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন তা। ফলে মাহেলার ৪ রানের ইনিংস থেমে যায় সেখানেই।
দলের সঙ্গে আর ২৬ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন পারানাভিতানা। তিনিও তার ৫৮ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যেতে পারেননি বেশি দূর। ৮ রান যোগ করেই বোল্ড হন ক্রিস ট্রেমলেটের বলে। অফ-স্যাম্পের সামান্য বাইরের বল ড্রাইভ করেন পারানাভিতানা। কিন্তু ব্যাটের ভেতরের দিকে লেগে বল তার অফ-স্ট্যাম্প ভেঙে দেয়।
পারানাভিতানা ৬৬ রান করেন ১৯১ বলে। তিনি তার ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে অ্যান্ডারসন ২ উইকেট নেন ৫৩ রানে।
প্রথমদিন বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ৪৮ ওভার।
তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে লর্ডসে ৩ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১৬ ঘ.
bdnews24