ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তখনো হাতে ছিলো ৪ বল।
২৭ মে চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে মুম্বাই। এ ম্যাচের জয়ী দল ২৮ মে একই স্থানে ফাইনালে খেলবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেশন ম্যাচে বুধবার মম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক শচীন টেন্ডুলকার।
ব্যাট করতে নেমে রায়ান টেন ডাসকেটের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৪৭ রান করে কলকাতা। জবাবে এইডেন ব্লিজার্ডের অর্ধশতকের সুবাদে ১৯ ওভার ২ বলে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ১৪৮ রানে পৌঁছে যায় মুম্বাই।
লক্ষ্য তাড়া করতে নেমে ব্লিজার্ড ও শচীন টেন্ডুলকার ৭ ওভার ৫ বল স্থায়ী উদ্বোধনী জুটিতে করেন ৮১ রান। নিজের অর্ধশতকে পৌঁছার পরই ব্লিজার্ড (৫১) বিদায় নেয়ার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। ব্লিজার্ড তার ৩০ বলের ইনিংস সাজান ৭টি চার ও ২টি ছয় দিয়ে।
দলীয় ৯২ রানের মাথায় বিদায় নেন শচীনও (৩৬)। দ্রত বিদায় নেন রোহিত শর্মা ০, আম্বাতি রাইডু ১২, কিয়েরন পোলার্ড ৩ ও তিরুমালাসেট্টি সুমন ২।
শেষ পর্যন্ত জেমস ফ্রাঙ্কলিন ও হরভজন সিং দলকে শেষ ওভারে দারুণ এক জয় এনে দেন। ফ্রাঙ্কলিন ২৯ ও হরভজন ১১ রানে অপরাজিত ছিলেন।
কলকাতার পক্ষে জ্যাক ক্যালিস ও সাকিব আল হাসান ২টি করে উইকেট নেন। এ জন্য ক্যালিস দেন ১৮ রান। সাকিব ২৪।
এর আগে ষষ্ঠ ওভারে ২০ রানের মধ্যে দলের প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে কলকাতা। পঞ্চম উইকেটে ইউসুফ পাঠান ও ডাসকেট ৬০ রান যোগ করে গড়ে তোলেন প্রাথমিক প্রতিরোধ। দলীয় ৮০ রানের মাথায় ইউসুফ (২৬) বিদায় নিলেও অবিচল থাকেন ডাসকেট।
ষষ্ঠ উইকেটে ডাসকেট ও সাকিব আল হাসান যোগ করেন ৪১ রান। দলীয় ১২১ রানের মাথায় সাকিব (২৬) বিদায় নিলেও অবিচল ছিলেন ডাসকেট। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭০ রানে। তিনি তার ৪৯ বলের ইনিংস সাজান ৬টি চার ও ৩টি ছয় দিয়ে।
মুম্বাইয়ের পক্ষে মুনাফ প্যাটেল ৩ উইকেট নেন ২৭ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৪ ঘ.
bdnews24