২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমি ব্যবসায়ী ওয়ার্ন'

খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর অস্ট্রেলিয়ার সতীর্থ ক্রিকেটারদের প্রতি তাকে ফিরে আসার অনুরোধ করতে বারণ করেছেন শেন ওয়ার্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর অস্ট্রেলিয়ার সতীর্থ ক্রিকেটারদের প্রতি তাকে ফিরে আসার অনুরোধ করতে বারণ করেছেন শেন ওয়ার্ন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের পেশাদার-জীবনের শেষ ম্যাচটি খেলেন। খেলোয়াড়ী-জীবন শেষে কি করবেন এখনো তা ঠিক করেননি ওয়ার্ন। অস্ট্রেলিয়ান টাইমসকে আভাস দিয়েছেন, এবার ব্যবসার দিকে নজর দিতে পারেন। তিনি বলেন, "আমি আজ থেকে ক্রিকেটার শেন ওয়ার্ন নই। ব্যবসায়ী শেন ওয়ার্ন। তবে কোনো না কোনোভাবে ক্রিকেটের সঙ্গে একটা সম্পর্ক থাকবেই।" হেরাল্ড সানের এক কলামে রোববার ৪১ বছর বয়সী ওয়ার্ন লেখেন, "ক্রিকেটকে বিদায় জানাতে আমি প্রস্তুত। দয়া করে আমাকে ফিরে আসতে বলবেন না। যদিও এখনো ভালোই বল ঘুরাতে পারি আমি।" ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০০৬ সালে। পেশাদার জীবনের শেষ ম্যাচ সম্পর্কে তিনি বলেন, তার দল রাজস্থান যেভাবে শচীন টেন্ডুলকারের মুম্বাইকে হারিয়েছে, তাতে বিদায়ের জন্য এর চেয়ে ভালো আর কিছুই তিনি ভাবতে পারেন না। "অমি যাদের সঙ্গে কিংবা বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে শচীনই সেরা। তার বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলার জন্য আমি মুখিয়ে ছিলাম," বলেন ওয়ার্ন। তিনি বলেন, "খেলা শেষে শচীন এগিয়ে এসে বলেন, তোমার বিপক্ষে খেলার সুযোগ নিঃসন্দেহে বড় সম্মানের ব্যাপার। তুমি একজন কিংবদন্তি, তোমার ভবিষ্যত আরো উজ্জ্বল হোক।" একে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন ওয়ার্ন। ওয়ার্ন টেস্টে ৭০৮টি উইকেট নেন। উইজডেনের ২০ শতকের সেরা পাঁচ ক্রিকেটারের একজন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩৩ ঘ.