ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরাপত্তার নিশ্চয়তা না দিলে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে যাবে না। এ কথা জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সেক্রেটারি নিশানথা রানাতুঙ্গা।
পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য এসএলসিকে দল পাঠানোর অনুরোধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তিন/চার মাস আগে এই অনুরোধ করা হয় বলে জানিয়ে রানাতুঙ্গা বলেন, "আমরা তাদের জানিয়ে দিয়েছি যে দল পাঠানোর আগে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।"
এর আগে পাকিস্তান সফরকালে লহোরের গাদ্দাফি স্টেডিয়াম যাওয়ার পথে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়। এতে বাস চালকসহ শ্রীলঙ্কা দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা আহত হন। পরে ওই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যায় শ্রীলঙ্কা দল।
এরপর পাকিস্তানে আর কোনো দেশ দল পাঠায়নি। আগামী সপ্তাহে পাকিস্তানে খেলতে যাওয়ার কথা আফগানিস্তান ক্রিকেট দলের। পাকিস্তান 'এ' দলের সঙ্গে তাদের তিনটি একদিনের ম্যাচ খেলার কথা।
পিসিবি'র মুখপাত্র নাদিম সারওয়ার রোববার বলেন, "আমরা অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কাকে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছি। একই সঙ্গে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তাও দিয়েছি।"
নাদিমের এই বক্তব্যের পর রোববার রাতে করাচির একটি সামরিক স্থাপনার কাছে সন্ত্রাসী হামলা চালানো হয়। ঘটনাস্থলের কাছেই করাচি স্টেডিয়াম। তাই নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এসএলসি'র অন্তবর্তীকালীন কমিটির প্রধান সোমচন্দ্র ডি সিলভা ডেইলি মিররকে বলেন, "বর্তমান পরিস্থিতিতে আমরা পাকিস্তানে খেলতে যাচ্ছি না। বরং শ্রীলঙ্কায় ওই সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছি। আমরা এ কথাও বলেছি যে, তারা চাইলে দুবাই বা আবুধাবিতেও সিরিজটি আয়োজন করা যেতে পারে।"
রানাতুঙ্গা বলেন, "আমরা পাকিস্তানের ভালো চাই। কিন্তু আমরা আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আপোস করতে রাজি নই।"
নিরাপত্তার নিশ্চয়তা পেলে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা যেতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০২৪ ঘ.
bdnews24