২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ফিরে আসতে বলো না'

খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর সতীর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রতি তাকে ফিরে আসার অনুরোধ না করার আহ্বান জানিয়েছেন শেন ওয়ার্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 04:46 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর সতীর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রতি তাকে ফিরে আসার অনুরোধ না করার আহ্বান জানিয়েছেন শেন ওয়ার্ন। স্পিন-কিংবদন্তি শেন ওয়ার্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন। খেলোয়াড়ী জীবন শেষে কি করবেন এখনো সেভাবে ঠিক করে উঠেন নি ওয়ার্ন। অস্ট্রেলিয়ান টাইমসকে আভাস দিয়েছেন, এবার ব্যবসার দিকে মনযোগ দিতে পারেন তিনি। "আমি আজ থেকে ক্রিকেটার শেন ওয়ার্ন নই। ব্যবসায়ী শেন ওয়ার্ন। আমি এতেই সুখী। ভবিষ্যত এখনো ঠিক করে উঠতে পারিনি। তবে কোনো না কোনো ক্রিকেট সংশ্লিষ্টতা থাকবেই।" হেরাল্ড সানে লেখা এক কলামে রোববার ৪১ বছর বয়সী ওয়ার্ন বলেন, "আমি সুখী এবং প্রস্তুত। এটাই আসলে সঠিক সময়। আমার ভবিষ্যত নিয়ে ভাবছি ব্যাক্তিগত অবস্থান থেকে আর ব্যবসায়ীক দৃষ্টিভঙ্গিতে।" "ক্রিকেটকে বিদায় জানাতে আমি প্রস্তুত। দয়া করে আমাকে ফিরে আসতে বলো না। যদিও এখনো বল যথেষ্ট ভালো ঘুরাতে পারি।" এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার সব সম্ভবনার গোড়ায় জল ঢেলে দিলেন ওয়ার্ন। গত বছর অ্যাশেজে অস্ট্রেলিয়ার লজ্জাজনক পরাজয়ের পর ওয়ার্নের মন্তব্য অনেক ভক্তের মনে ফেরার আশা জাগিয়েছিল। ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০০৬ সালে অবসর নেন। তিনি বলেছেন, তার দল রাজস্থান যেভাবে শচীন টেন্ডুলকারের মুম্বাইকে হারিয়েছে বিদায়ের জন্য এর চেয়ে ভালো কিছু তিনি ভাবতেই পারেন না। "অমি যাদের সঙ্গে কিংবা বিপক্ষে খেলেছি তাদের মধ্যে শচীনই সেরা। তার বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম।" "খেলা শেষে শচীন এগিয়ে এসে বলেন, তোমার বিপক্ষে খেলার সুযোগ একটা বড় সম্মানের ব্যাপার। তুমি একজন কিংবদন্তি, তোমার ভবিষ্যত আরো উজ্জ্বল হোক।" এটাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন ওয়ার্ন। ওয়ার্ন টেস্টে ৭০৮টি উইকেট নেন। উইজডেনের করা বিশ শতকের সেরা পাঁচ ক্রিকেটারের একজন তিনি।