২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠের সুবিধা চান জেনিংস

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ রে জেনিংস বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোকে নিজেদের মাঠে পছন্দ মতো উইকেট তৈরির সুবিধা দেয়া উচিত। তবে এরও একটা সীমা থাকতে হবে বলে মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ রে জেনিংস বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোকে নিজেদের মাঠে পছন্দ মতো উইকেট তৈরির সুবিধা দেয়া উচিত। তবে এরও একটা সীমা থাকতে হবে বলে মনে করেন তিনি। ব্যাঙ্গালোরে শনিবার জেনিংস বলেন, "যদি আমার ডেল স্টেইন থাকতো, তাহলে আমি উইকেটে ঘাস চাইতাম। এভাবে শ্লথ উইকেট তৈরি করেও এগিয়ে যাওয়া সম্ভব।" মাঠের সীমানা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিু সীমা বেঁধে দেয়া দরকার বলে মনে করেন তিনি। জেনিংসের এই মন্তব্যে শেন ওয়ার্নের জরিমানার বিষয়টি নতুন করে সামনে চলে এসেছে। পিচ বদল নিয়ে রাজস্থান ক্রিকেট এসোসিয়েশনের (আরসিএ) সেক্রেটারি সঞ্জয় দিক্ষিতের সমালোচনা করায় ওয়ার্নের ৫০ হাজার ডলার জরিমানা করে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জেনিংস বলেন, দুর্বল দলগুলো অনিয়মিত বাউন্সের উইকেটে খেলতে পছন্দ করে। এতে শক্তিশালী দলগুলোকে হারানোর একটা ভালো সুযোগ পায় তারা। "ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের জয়ের হার বেশ ভালো। কারণ এখানকার উইকেট অন্য যে কোনো উইকেটের চেয়ে মন্থর। ওয়ার্ন যথেষ্ট চতুর, তিনি স্পিনারদের দিয়ে নিজের দল সাজিয়েছেন," বলেন তিনি। জেনিংসের দল ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে। তিনি নতুন এই নক আউট পদ্ধতির পক্ষে কথা বললেও সমালোচনা করতে ছাড়েননি, "চারদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা খুবই কঠিন।" আসল সময়ের জন্য দলগুলোকে শক্তি সঞ্চয় করে রাখার ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে মনে করেন তিনি। ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে কথা বলার সময় জেনিংস দেশটির ঘরোয়া ক্রিকেট কাঠামোর সমালোচনা করেন। বলেন, "ব্যাটিং উইকেটে ব্যাট করার সময় চাপ থাকে না। তাই 'স্পোর্টিং' উইকেট বানানো প্রয়োজন। চারদিনের ম্যাচে শতক হাঁকাতে না পারলে ধরে নেয়া হয় সেদিন ব্যাটসম্যান ভালো ব্যাট করেননি। চাপের মধ্যে এখানে খুব বেশি ফিল্ডিং করতে হয় না, যখন করতে হয় তখন ক্যাচ ছুটে যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২১২ ঘ.