ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আজহার আলী ও উমর আকমলের অর্ধশতকের পরও দ্বিতীয় টেস্টের প্রথম দিন পাকিস্তান ৬ উইকেটে রান করেছে ১৮০। বৃষ্টির জন্য পুরো ৯০ ওভার খেলা হয়নি। হয়েছে ৭৩ ওভার ২ বল।
উইকেটে আছেন মোহাম্মদ সালমান ৮ রান নিয়ে। অন্য প্রান্তে ১ রানে অপরাজিত রয়েছেন আব্দুর রেহমান।
সেন্ট কিটসে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। পেসার রবি রামপলের চমৎকার বোলিংয়ের মুখে ২৪ রানের মধ্যে সাজঘরে ফেরেন তিন ব্যাটসম্যান।
এ অবস্থায় হাল ধরেন আজহার ও অধিনায়ক মিসবাহ-উল-হক। চতুর্থ উইকেট জুটিতে ৫০ রান তুলে পরিস্থিতি কিছুটা সামাল দেন তারা। কিন্তু দলকে টেনে তুলতে পারেননি বিপদ থেকে। দলীয় ৭৪ রানের মাথায় বিদায় নেন মিসবাহ (২৫)।
পঞ্চম উইকেট জুটিতে উমর আকমল ও আজহার দলের সঙ্গে ৯৩ রান যোগ করে পথে ফিরিয়ে আনতে না আনতে সাজঘরের পথ ধরেন উমর। আজহার দেখেশুনে খেললেও উমর খেলেন তার চেয়ে কিছুটা আক্রমণাত্মক মেজাজে।
দলীয় ১৬৭ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামির বলে রামপলের হাতে ধরা পড়ার আগে উমর করেন ৫৬। তিনি তার ৮৮ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ১টি ছয় দিয়ে। ৯ রান পর তাকে অনুসরণ করেন আজহারও। ৬৭ রান করেন তিনি ১৯৬ বলে। চার মারেন ৭টি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রামপল ৩ উইকেট নেন ৪০ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭০৩ ঘ.
bdnews24