ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনুইয়ের চোটের কারণে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি আসরে খেলা হচ্ছে না শন টেইটের।
অস্ট্রেলিয়ার গতি তারকা শন টেইট কাউন্টি ক্রিকেটে সারের হয়ে টি-টোয়েন্টি খেলতে চুক্তিবদ্ধ ছিলেন। কনুইয়ের চোটের কারণে দলের সঙ্গে চুক্তি বাতিল করতে করতে বাধ্য হচ্ছেন তিনি।
শন টেইট ছিলেন সারের দ্বিতীয় বিদেশি ক্রিকেটের। অন্য বিদেশি ক্রিকেটার হলেন ইয়াসির আরাফাত। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির জন্য সারেকে এখন তার বিকল্প খুঁজতে হবে।
সারের ক্রিকেট ম্যানেজার ক্রিস অ্যাডামস বলেছেন, "নিজের চোট নিয়ে ব্যাক্তিগতভাবে যোগাযোগ করায় সারের পক্ষ থেকে আমি শন টেইটকে ধন্যবাদ জানাই। আমরা এখন বেশ কিছুটা সময় পেয়েছি তার বিকল্প খুঁজে বের করার। আমি নিশ্চিত প্রতিযোগিতা শুরুর আগেই আমরা এমন একজনকে পেয়ে যাব।"
একের পর এক চোটের মধ্যে থাকা টেইট এখন শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন টেইট। বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪৩ ঘ.
bdnews24