ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দল ডাক না পেলে আইপিএলে ফিরবেন ইয়ন মর্গান।
২৬ মে কার্ডিফে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে খেলবে সফররত শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
চারদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৩ রান করেন মর্গান। তিনি তার ২২৬ বলের ইনিংসটি সাজান ৩০টি চার ও ৫টি ছয় দিয়ে। ইংল্যান্ডের টেস্ট দলের ছয় নম্বরে ব্যাট করার জন্য এটা যথেষ্ট নাও হতে পারে।
অন্যদিকে মর্গানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স 'প্লে-অফে' খেলার জন্য দারুণ অবস্থানে রয়েছে। মর্গান জানান আগামী সপ্তাহে তাকে দেশের প্রয়োজন না হলে বিমান চেপে সোজা চলে যাবেন ভারতে।
লায়ন্স ও শ্রীলঙ্কার মধ্যকার প্রন্তুতি ম্যাচ শেষ হবে ২২ মে। একই দিনে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দল ঘোষণা করা হবে। দলে নির্বাচিত না হলে 'প্লে-অফ' শুরুর আগেই ভারতে পৌঁছতে পারেন মর্গান। ২৪ মে থেকে 'প্লে-অফ' পর্ব শুরু হবে।
ডার্বিতে তিনি সংবাদিকদের বলেন, "দলে জায়গা না হলে আমি অন্য পরিকল্পনা নেব। আইপিএলে আমরা ভালো অবস্থানে আছি। কলকাতা চূড়ান্ত খেলায় উঠতে পারলে, আমি সেখানে থাকবো।"
আইপিএলে খেলাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের জুয়া খেলছেন মর্গান। দলের উপরের সারির ছয় ব্যাটসম্যানের কেউ খেলার শুরুর আগ মুহূর্তে চোট পেলে তার বদলে মাঠে নামার সুযোগ হারাতে পারেন তিনি।
আইপিএলে অবশ্য সময়টা এবার ভালো কাটেনি মর্গানের। ৯ ইনিংসে করেছেন কেবল ১৩৭ রান। মাঝসারিতে ব্যাট হাতে বেশি কিছু করারও ছিল না। তবে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলানোর পর থেকে বড় ইনিংস খেলার সুযোগ বেড়েছে।
তারপরও ভারতের অভিজ্ঞতা তাকে আরো ভালো ক্রিকেটার হতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। "এখানে 'কন্ডিশন' খুব কঠিন। অনেক পরিশ্রম হলেও এখানে আমি অনেক কিছু শিখেছি। শুরুতে আমি খুব বেশি সময় পাইনি। তবে এ সবই শেখার প্রক্রিয়ার অংশ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮২২ ঘ.
bdnews24