ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে ডার্বিতে প্রস্তুতি ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে শ্রীলঙ্কার।
অবশ্য আইপিএলে বাড়তি একটা সপ্তাহ কাটিয়ে দলের সঙ্গে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেসহ অন্য ক্রিকেটাররা যোগ দেয়ায় সফরকারীরা ফিরে পেয়েছে পূর্ণ শক্তি।
শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে চারদিনের ম্যাচে মাঠে নামবে। এর আগে ১৪ মে মিডলসেক্সের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলে তারা।
২৬ মে কার্ডিফে দুই টেস্ট ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
লায়ন্স দল দেখে শ্রীলঙ্কা কার্ডিফের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। আজমল শেহজাদ, স্টিভেন ফিন ও গ্রায়েম অনিয়নে সমৃদ্ধ বোলিং আক্রমণের বিপক্ষে বেশ পরীক্ষাই দিতে হবে সফরকারী ব্যাটসম্যানদের। ডার্বি পিচ থেকে পেসাররা বাড়তি সহায়তা পেয়ে থাকেন।
মাহেলা ও সাঙ্গাকারা যোগ দেয়ায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ এখন যথেষ্ট শক্তিশালী। এ ম্যাচ থেকে শ্রীলঙ্কার অর্ন্তবর্তীকালীন কোচ স্টুয়ার্ট ল ব্যাটিং লাইনআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে দুই স্পিনার নিয়ে খেললেও টেস্টে একজন স্পিনার নামাতে পারে শ্রীলঙ্কা।
সুরাজ রণদিভ পিচ থেকে বাড়তি বাউন্স পাওয়ায় প্রথম ম্যাচে অনুজ্জ্বল অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথের বদলে সুযোগ পেতে পারেন। তবে ব্যাটিংয়ের কারণে হেরাথও অন্যতম দাবিদার।
নতুন বলে দিলহারা ফার্নান্দোর সঙ্গে চানকা ওয়ালেগেদারার থাকা এক রকম নিশ্চিত। আর তৃতীয় পেসার হিসেবে নুয়ান প্রদীপকে খেলানোর আভাস দিয়েছেন ল।
লায়ন্সের খেলা ইংল্যান্ডের নির্বাচকরাও বেশ মনযোগ দিয়ে দেখবেন। পল কলিংউডের বদলে ৬ নম্বরে কাকে খেলানো হবে সে সিদ্ধান্ত তাদের নিতে হবে। টিম ব্রেসন্যানের বিকল্প এ ম্যাচ থেকে খুঁজে নিতে হবে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪৮ ঘ.
bdnews24